ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিদেশি কূটনীতিক ও গণমাধ্যমের সম্পাদকদের কাছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র গোষ্ঠীগুলোর জাতিগত পরিচয় সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই 'সঠিক নয়' বলে মনে করেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর যে উদ্ধৃতি টেনেছেন- তাও 'সঠিক' নয়।
মঙ্গলবার বিদেশি দূতাবাস ও হাইকমিশনের প্রধান এবং বিভিন্ন গণমাধ্যমের প্রধানদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন দীপু মনি। এই ভূখণ্ডের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করছে তারা এ দেশের 'অধিবাসী', কোনোভাবেই 'আদিবাসী' নয়।
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে এইসব জাতিগোষ্ঠীকে 'উপজাতি'র বদলে 'জাতিগত সংখ্যালঘু' হিসেবে উল্লেখ করা হয়েছে জানিয়ে মন্ত্রী রাষ্ট্রদূতদের বলেন, নৃতাত্ত্বিক পরিচয়, ঔপনিবেশিক ইতিহাস ও জাতি হিসেবে বাঙালির পরিচয় নিয়ে বাংলাদেশ ও বাঙালি জাতি এক ধরনের বৈশ্বিক 'ভুল ধারণার' শিকার হচ্ছে।
এর প্রতিক্রিয়ায় দেবাশীষ রায় বলেন, "সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কোথাও 'জাতিগত সংখ্যালঘু' শব্দটির উল্লেখ নেই। বরং সংবিধানে নতুন যুক্ত ২৩(ক) দফায় আদিবাসী বোঝাতে ক্ষুদ্র জাতিসত্তা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ও ক্ষুদ্র সম্প্রদায় শব্দগুলো ব্যবহার করা হয়েছে।"
১৫ কোটি মানুষের একটি দেশে ১ দশমিক ২ শতাংশ মানুষকে একটি 'বিশেষ পরিচয়ে' উল্লেখ করে ৯৮ দশমিক ৮ শতাংশ মানুষের পরিচয়কে ভুলভাবে উপস্থাপন করা হলে জাতীয় স্বার্থ রক্ষা হয় না- পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য 'ভুল-ধারণা প্রসূত' বলেও মনে করেন চাকমা সার্কেলের প্রধান।
বিবৃতিতে তিনি বলেন, "সাংবিধানিকভাবে 'আদিবাসী' স্বীকৃতি দিলে মূল ধারা থেকে বিচ্ছিন্ন, প্রান্তিক ও অনগ্রসর এই ১ দশমিক ২ শতাংশ মানুষ তাদের প্রান্তিক অবস্থান জানানোর একটি আইনি ভিত্তি পাবে। এই মর্যাদা তাদের কোনো 'বিশেষ' সুবিধা দেবে না।"
নেপাল, ফিলিপাইন এবং স্ক্যান্ডিনেভিয়া বা দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এ ধরনের জনগোষ্ঠীকে 'আদিবাসী' স্বীকৃতি দেওয়ায় বাকিদের জাতিগত স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হয়নি উল্লেখ করে দেবাশীষ বলেন, "কিছু মানুষকে আদিবাসী স্বীকৃতি দিলে বাকিরা তাদের পরিচয় থেকে বিচ্যুত হবে বা তারা রাষ্ট্রীয় ক্ষমতা, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অধিকার থেকে বঞ্চিত হবে- এটা ভাবার কোনো কারণ নেই।"
তিনি আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের 'আশ্রয়প্রার্থী ও অর্থনৈতিক অভিবাসী' উল্লেখ করে যে বক্তব্য দিয়েছেন তা একইভাবে অনেক বাংলাদেশির ক্ষেত্রে খাটে- যাদের পূর্বপুরুষ অন্য দেশ থেকে এ দেশে এসেছিলেন।
আদিবাসী বিষয়ক জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য দেবাশীষ বলেন, "অন্য জাতিগোষ্ঠীগুলোর আদিবাসী স্বীকৃতির এই দাবি কোনোভাবেই বাংলাদেশের অধিবাসী হিসেবে বাঙালিদের চ্যালেঞ্জ করা নয়। কারণ যারা আদিবাসী নয় তারা 'সেটেলার'- এটা মনে করার কোনো কারণ নেই, অন্তত বাংলাদেশ ও এশিয়ার অন্য দেশগুলোতে তো নয়ই।"
চাকমা রাজা বলেন, "পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীগুলো ঔপনিবেশিক আমলের আগে থেকে ওই এলাকায় বসবাস করে আসছে এবং তাদের আদি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নিয়ম ও প্রথা প্রতিপালন করে আসছে। এই দুটি শর্ত পূরণ করায় তারা 'আদিবাসী'।"
পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা এখানে পরে বসতি স্থাপন করেছে এবং ঐতিহাসিক দলিলগুলোতে তাদের 'উপজাতি' হিসাবে চিহ্নিত করা হয়েছে- পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যেরও বিরোধিতা করেন দেবাশীষ রায়।
উদাহরণ হিসাবে চাকমা স
bdnews24