ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষায় ফলের তালিকায় নিজের রোল নম্বর না পেয়ে রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্র প্রসেনজিত গুলজার (১৮) বিষপানে আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, বুধবার মোহাম্মদপুরে রাজিয়া সুলতানা রোডের একটি মেসে এ ঘটনা ঘটে। প্রসেনজিত বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার বাড়ি পিরোজপুর। বাবার নাম স্বপন গুলজার।
মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ফল ঘোষণার পর তালিকায় প্রসেনজিত তার রোল নম্বর না পেয়ে বিকাল ৩টার দিকে মেসে ফিরে বিষ পান করে।
"পরে মেসের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, প্রসেনজিত মারা গেছেন।"
গুলজারের চাচাত ভাই রতিশ গুলজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিরোজপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন গুলজারের একমাত্র ছেলে প্রসেনজিত। দুই মেয়ে এক ছেলের মধ্যে সে সবার ছোট।
বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৯২৯ ঘ.
bdnews24