ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সোবহানবাগে প্রিন্স প্লাজা নামের একটি বিপণী বিতানের মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তৈমুরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় দুই ব্যবসায়ী মামলা করেছেন।
মঙ্গলবার রাত দেড়টার দিকে ব্যবসায়ী আবুল হাসান এবং আবুল কালাম বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় এই মামলা করেন।
একই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা গত সোমবার মিরপুর সড়ক দুই দফা অবরোধ করে। পুলিশ তৈমুরকে গ্রেপ্তারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয়।
শেরে বাংলা নগর থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৈমুরসহ ছয়/সাতজনের বিরুদ্ধে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ এনেছেন প্রিন্স প্লাজার পাশের মার্কেটের দুই ব্যবসায়ী।
"অভিযোগে তারা বলেছেন, তৈমুর তার সহযোগীদের নিয়ে তাদের দোকান থেকে প্রতিদিন এক হাজার টাকা করে চাঁদা আদায় করে থাকে। চাঁদা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।"
ওসি জানান, মামলার পরপরই বুধবার ভোর পর্যন্ত তৈমুর এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি।
সালাম আহমেদ নামে প্রিন্স প্লাজার এক ব্যবসায়ী জানান, প্রিন্স প্লাজা ছাড়াও পাশে মোহাম্মদীয় সুপার মার্কেটের প্রতিটি দোকান থেকে প্রতিমাসে কোনো কাগজ ছাড়াই এক হাজার টাকা করে চাঁদা বাধ্যতামূলকভাবে আদায় করে তৈমুর। প্রথম প্রথম কেউ প্রতিবাদ করেনি। এখন সব ব্যবসায়ীরা একত্রিত হয়ে প্রতিবাদী হয়ে উঠেছে।
তৈমুরের বিরুদ্ধে প্রিন্স প্লাজা এবং মোহাম্মদীয় সুপার মার্কেটের আরো কয়েকজন ব্যবসায়ী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে সালাম আহমেদ জানান, তাকে গ্রেপ্তার না করলে ব্যবসায়িরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে নামবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮৫২ ঘ.
bdnews24