ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মাতুয়াইলে পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যানের দুই যাত্রী।
নিহতরা হলেন- পিকআপের চালক আব্দুল খালেক (৪৫) ও রকিবুল ইসলাম রকি (৬)।
পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে দাউদকান্দি কুমিল্লা সড়কের মাতুয়াইল গোল্ডেন সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক অবনিশংকর কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে দাউদকান্দিগামী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মারা যান।
আহত হয় রকি, তার বাবা এবং মা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।
রকির বাবা রফিকুল দিনমজুর। ধলপুরের বাসা থেকে মালামাল নিয়ে পিকআপে করে দাউদকান্দি গ্রামের বাড়ি যাচ্ছিলেন তারা।
পুলিশ বাসটি আটক করেছে। চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/আরএ/
bdnews24