২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব টিকিট ছাড়া বিদ্যুৎ বিল নেওয়ার অভিযোগ

রাজস্ব টিকিট ছাড়া বিদ্যুতের বিল নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

সাতক্ষীরা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজস্ব টিকিট ছাড়া বিদ্যুতের বিল নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে। এরমধ্যে রয়েছে সদর উপজেলার ঝাউডাঙ্গা রুপালী ব্যাংক, কলারোয়া শাখা রুপালী ব্যাংক ও কৃষি ব্যাংক। সাতক্ষীরার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য নির্ধারিত কয়েকটি ব্যাংকের মধ্যে রয়েছে রুপালী, কৃষি, জনতা, পূবালী ও অগ্রণী। পল্লী বিদ্যুত সমিতির নিয়ম অনুযায়ী দুইশ' টাকার বেশি বিল পরিশোধের সময় ওই গ্রাহককে বিলের কপিতে অবশ্যই পাঁচ টাকার রাজস্ব টিকিট লাগাতে হয়। কিন্তু গ্রাহকদের অভিযোগ এ তিনটি ব্যাংকে বিল পরিশোধের সময় অধিকাংশ ক্ষেত্রে রাজস্ব টিকিট ব্যবহার করা হয় না। তারা অভিযোগ করেন, বিল দেওয়ার সময় কোনো গ্রাহক রাজস্ব টিকিট না নিয়ে গেলে তাদের কাছ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিটি টিকিট বাবদ ছয় টাকা রেখে দেন। তাদের বলা হয় পরে বিলের কপিতে টিকিট লাগানো হবে। সদর উপজেলার ঝাউডাঙ্গা রুপালী ব্যাংকের কয়েকজন গ্রাহক হলেন গোবিন্দকাঠি গ্রামের মহিদুল ইসলাম, হাজিপুরের মুক্তিযোদ্ধা ফজর আলী, লিয়াকাত আলী, মুকন্দপুরের আব্দুল খালেক ঢালি, ওয়ারিয়ার আবুল হোসেন, মনোরঞ্জন ঘোষ, আমতলার রেজাউল ইসলাম, শিমুলবাড়িয়ার ইউসুফ হোসাইন ও আব্দুর রহমান। তাদের অভিযোগ, তাদের দেওয়া কোনো বিলে এ পর্যন্ত রাজস্ব টিকিট দেওয়া হয়নি। কলারোয়া শাখা রুপালী ব্যাংকের গ্রাহকদের কয়েকজন হলেন লাঙ্গলঝাড়া গ্রামের ললিত দাশ, তুলশিডাঙ্গার সমির চক্রবর্তী, রমজান আলী, মির্জাপুরের শহিদুল ইসলাম, ঝিকরার আখলাকুর রহমান। তাদেরও একই অভিযোগ। রুপালী ব্যাংক ঝাউডাঙ্গা শাখার ক্যাশিয়ার জুলফিকার আলী ও বিল গ্রহণকারী কর্মকর্তা আব্দুর রকিবের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি। একই শাখার ব্যবস্থাপক সাঈদ মোস্তফার সঙ্গে ফোনে কয়েকবার যোগাযোগ করা হলে প্রতিবারই তিনি বলেন, "ব্যস্ত আছি, পরে কথা বলেন।" কলারোয়া শাখা রুপালী ব্যাংক ব্যবস্থাপক জহুরুল ইসলাম বলেন, "এই শাখার কয়েকটি বিলে রাজস্ব টিকিট মারা হয়নি। এমনটি হওয়ার কথা নয়। তদন্ত করে দেখা হচ্ছে কেন এমনটা হলো।" কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক তুষার কান্তি সরকার বলেন, "ভুলের কারণে এমনটা হতে পারে। তবে এখন থেকে আর এমন ভুল হবে না।" রুপালী ব্যাংকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সোহরাব হোসেন বলেন, সরকারি রাজস্ব টিকিট ব্যবহার না করা বড় ধরনের অপরাধ। এ ধরনের অনিয়ম হয়ে থাকলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ঝাউডাঙ্গা অফিসের জোনাল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার বলেন, রাজস্ব টিকিট ব্যবহার না করায় সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। লাভবান হচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যাংক কর্মকর্তা। তিনি বলেন, "কয়েকমাস আগে কলারোয়া রুপালী ব্যাংকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া যায়। বিষয়টি রুপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) জানানো হয়েছে।" আবারো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.