২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিজম সম্মেলন: সায়মার উদ্যোগের প্রশংসা করলেন অতিথিরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার কন্যা সায়মা হোসেনের ভূয়সী প্রসংশা করেছেন শ্রীলংকার ফার্স্ট লেডি শিরস্থি রাজাপাকসে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের স্ত্রী ইলহাম হুসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার কন্যা সায়মা হোসেনের ভূয়সী প্রসংশা করেছেন শ্রীলংকার ফার্স্ট লেডি শিরস্থি রাজাপাকসে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের স্ত্রী ইলহাম হুসাইন। বাংলাদেশে অটিজম বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে সায়মা হোসেনের উদ্যোগের প্রশংসা করে শিরস্থি রাজাপাকাসে ও ইলহাম হুসেন বলেন, যে সব দেশ এই দু'দিনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছে সে সব দেশে অটিজম সম্পর্কে জনসচেতনতা বাড়বে। শিরস্থি রাজাপাকাসে এবং ইলহাম হুসেইন মঙ্গলবার বিকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে পৃথক সাক্ষাতে এ কথা বলেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। তারা দু'জনেই 'ঢাকা ঘোষণার' প্রশংসা করেন। এ সময় বাংলাদেশের সঙ্গে শ্রীলংকা এবং মালদ্বীপের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে বলে আবুল কালাম আজাদ জানিয়েছেন। পৃথক এই দুই সাক্ষাত অনুষ্ঠানে আবুল কালাম আজাদ ছাড়াও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম এ করিমও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১১৫ ঘ.