ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে নকল নারকেল তেল ও বিভিন্ন ধরনের প্রসাধন সমাগ্রী তৈরির অপরাধে চার জনকে দুই বছর করে কারাদণ্ড ও জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন মো.শহীদ (৩৬), মো.নাসির (৪৫), মো.নাজিম (৫০) ও কামাল হোসেন (২৯)।
একইসঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের বরিশুর গ্রামে অভিযান চালিয়ে চারটি নকল নারকেল তেল ও বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এসব কারখানায় দেশি নামিদামি কোম্পানির বিভিন্ন ধরনের নকল তেল, প্রসাধন সামগ্রী তৈরি করা হয়।"
র্যাব-১০ এর জ্যেষ্ঠ সহকারী উপ পরিচালক ইমন আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারটি কারখানা থেকে প্রায় ২৫ লাখ টাকার নকল মালামাল উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮৩৫ ঘ.
bdnews24