ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন হলেও তথ্য প্রাপ্তি নিশ্চিত হওয়ার ক্ষেত্রে আমলাদের অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়েছে এক কর্মশালায়।
মঙ্গলবার অনুষ্ঠিত ওই কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মকবুল আহমেদ বলেন, আমলাদের তথ্য না দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
সরকারি কর্মকর্তাদের জন্য 'স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর সরকারি যোগাযোগ' শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বেসরকারি সংগঠন 'সোসাইটি ফর মিডিয়া অ্যান্ড সুইটেবল হিউম্যান কমিউনিকেশন টেকনিক (সমষ্টি)।
ইউএসএইড-প্রগতি প্রকল্পের আওতায় বাংলাদেশ তথ্য কমিশন এতে সহযোগিতায় অনুষ্ঠিত ওই কর্মশালায় ঢাকাসহ দেশের বিভিন্ন দপ্তরের ১১৫ জন সরকারি কর্মকর্তা অংশ নিচ্ছেন।
মকবুল বলেন, "সরকারি আমলাদের প্রবণতাই থাকে তথ্য না দেওয়া। এর পেছনে ১৯২১ সালের অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট ভূমিকা রাখছে। কিন্তু সবাইকে মনে রাখতে হবে, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতেই তথ্য অধিকার আইন ২০০৯ সালে পাস হয়েছে।"
নবম সংসদের প্রথম অধিবেশনে তথ্য অধিকার আইন পাস হয়। আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ দিনের মধ্যে তথ্য সরবরাহ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে আইনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাসহ আটটি গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য প্রদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি তা সামাজিক বৈষম্য দূর করতেও ভূমিকা রাখবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক।
তিনি কর্মশালায় বলেন, "তথ্য এবং শিক্ষার মাঝে কোনো পার্থক্য নেই। একটি তথ্যসমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারলে গণতন্ত্র আপনাআপনি গড়ন পেয়ে যায়। আধুনিক তথ্য-প্রযুক্তির কল্যাণে দূরত্ব শব্দটা 'নিহত' হয়েছে। একইভাবে অবাধ তথ্য প্রবাহ সব ধরনের বৈষম্যকে 'নিহত' করবে।"
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, বাংলাদেশ তথ্য কমিশনের সচিব নেপাল চন্দ্র সরকার এবং সমষ্টির পরিচালক মীর মাশরুর জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১২২৪ ঘ.
bdnews24