২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল মুক্তিযোদ্ধা সনদে পুলিশে চাকরি

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ায় দুই পুলিশ কনস্টেবলসহ তিনজনের বিরুদ্ধে দু'টি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 05:30 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

বরিশাল, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ায় দুই পুলিশ কনস্টেবলসহ তিনজনের বিরুদ্ধে দু'টি মামলা হয়েছে। সোমবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দু'টি করেন জেলা পুলিশের রিজার্ভ অফিসার জাহাঙ্গীর হোসেন। এক মামলার আসামি হলেন নগরীর জাগুয়া এলাকার মো. খালেক হাওলাদার, তার ছেলে কনস্টেবল সাইদুল ইসলাম এবং আরেকটির আসামি বাকেরগঞ্জের দাওখালী গ্রামের বাসিন্দা প্রয়াত মোতাহার আলী খানের ছেলে কনস্টেবল ইকবাল খান। দুই কনস্টেবল মৌলিক প্রশিক্ষণ চলাকালে পালিয়ে গেছে বলে মামলার অভিযোগে বলা হয়। তবে কোন তারিখে তারা পালিয়ে গেছেন তা জানা যায়নি। মামলার নথি থেকে জানা যায়, সাইদুল ও ইকবাল ২০১০ সালের ১১ নভেম্বর বরিশাল জেলা পুলিশ লাইনে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় কনস্টেবল পদে নিয়োগ পান। এ সময় তারা বাবার মুক্তিযোদ্ধার সনদপত্র জমা দেন। গত ২ ফেব্র"য়ারি তাদের খুলনা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়। আর যাচাই করার জন্য তাদের জমা দেওয়া মুক্তিযোদ্ধার সনদপত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত ১৩ জুন মন্ত্রণালয় সনদ দুইটি জাল হিসেবে চিহ্নিত করে জেলা পুলিশকে পত্রের মাধ্যমে জানায়। এরপর তাদের সম্পর্কে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে তথ্য জানতে চাওয়া হয়। সেখান থেকেও জানানো হয় মো. খালেক হাওরাদার ও মোতাহার আলী খান নামে কোনো তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২২ ঘ.