২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গত ১০ জুলাই হরতাল চলাকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষে ১২ পুলিশ আহত হওয়ার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

নারায়ণগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ১০ জুলাই হরতাল চলাকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষে ১২ পুলিশ আহত হওয়ার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই ঘটনার তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার পুলিশ সদরদপ্তর এ নির্দেশ দেয় বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট শেখ নাজমুল আলম। তিনি বলেন, ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ এবং ওসি আইনুল হককে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। ১২টি দলের ডাকা ৩০ ঘণ্টার হরতালের প্রথম দিন ১০ জুলাই সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লার পঞ্চবটি মোড়ে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষে ১২ পুলিশ সদস্যসহ শতাধিক আহত হয়। এ ঘটনা তদন্তে জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহম্মেদকে আহবায়ক, সহকারী পুলিশ সুপার (ক) আঞ্চল আশরাফুল ইসলাম ও ডিআই ওয়ান মঈনুর রহমানকে সদস্য করে একটি কমিটি করা হয়। ১৪ জুলাই কমিটি ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামন মিয়ার কাছে তদন্ত রিপোর্ট জমা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.