আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেবার মান উন্নত না করে ঢাকা ওয়াসাকে পানির দাম বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার বিষয়ক দুটি সংগঠন।
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজধানীর অনেক এলাকায় ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধ রয়েছে। এটা ওয়াসার ব্যর্থতা। সেবার মান না বড়িয়ে পানির দাম বাড়ানো উচিত নয়।"
ভোক্তা অধিকার বিষয়ক আরেক সংগঠন ভলান্টারি কনজুমার্স ট্রেনিং অ্যাণ্ড অ্যাওয়ারনেস সোসাইটির (ভোক্তা) ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্তে নিন্দাও জানিয়েছে।
ঢাকা ওয়াসা পানির দাম আগামী ১ অগাস্ট থেকে পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা। ঢাকা ও নারায়ণগঞ্জে ওয়াসার গ্রাহকদের নতুন হারে পানির বিল পরিশোধ করতে হবে।
বর্তমানে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ৬ টাকা ৩৪ পয়সা। পাঁচ শতাংশ বাড়ালে ৩২ পয়সা বেড়ে প্রতি ইউনিট পানির দাম হবে ৬ টাকা ৬৬ পয়সা।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, "পানির মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। অনেকে অবৈধ সংযোগ নিতে গিয়ে পাইপলাইন ফুটো করে ফেলে, সেখান দিয়ে ময়লা পানি ঢুকে যায়। এতে সাময়িক কিছুটা অসুবিধা হতে পারে।"
'ছড়িয়ে পড়ছে পানিবাণিজ্য'
ওয়াসা সেবার মান না বাড়ানোয় পানিবাণিজ্য ছড়িয়ে পড়েছে অভিযোগ করে ক্যাব সভাপতি বলেন, "রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পানি তৈরির কারখানা খুলে বসেছে কিছু অসাধু ব্যবসায়ী। পানির মান যথাযথ না হলেও জার কিংবা বোতলে ভরে দেদারছে বিক্রি করছে তারা।"
দফায় দফায় দাম বাড়ানোয় ভোক্তারা আর্থিকভাবে হয়রানির শিকার হচ্ছে মন্তব্য করেন তিনি বলেন, "ওয়াসার কাছে লিখিতভাবে এর প্রতিবাদ জানানো হবে।"
ভোক্তার নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল বলেন, "ভোক্তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ইচ্ছামতো এভাবে দাম বাড়ানোর নিন্দা জানাচ্ছি। দাম বাড়ানোর কারণে ভোক্তারা আর্থিকভাবে বাড়তি চাপের মধ্যে পড়বে।"
দাম না বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, "এর জন্য ভোক্তারা রাজপথে নামলে সে দায় কে নেবে?"
'বারবার অভিযোগেও সুফল নেই'
সরেজমিনে দেখা যায়, রাজধানীর বাসাবো, কদমতলা, গোপীবাগ, মাদারটেক, অভয়দাস লেন, নারিন্দা, তাঁতীবাজার, মিরপুর ও মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে পানিতে ময়লা ও দুর্গন্ধ রয়েছে।
এসব এলাকার অধিবাসীদের অভিযোগ, ওয়াসা বারবার পানির দাম বাড়ালেও পানির লাইন যথাযথভাবে মেরামত করে না। এ কারণে পানি থেকে ময়লা ও দুর্গন্ধ দূর হয় না।
বাসাবোর বাসিন্দা ব্যবসায়ী আবুল কালাম বলেন, "ময়লা ও দুর্গন্ধ পানি থেকে যেন আমাদের পরিত্রাণ নেই। বারবার অভিযোগ করার পরও কোনো সুফল পাচ্ছি না।"
মিরপুরের বাসিন্দা আহমেদ হোসেন অভিযোগ করেন, তাদের এলাকায় ওয়াসার পানিতে দুর্গন্ধ রয়েছে। বাধ্য হয়ে জারের পানি কিনে চাহিদা মেটাতে হচ্ছে।
দুর্গন্ধের কারণে পানি কেনার কথা জানালেন মোহাম্মদপুরের কয়েকজন বাসিন্দাও। তারা বলেন, দুর্গন্ধের কারণে ভালো পানি কিনতে বাড়তি টাকা খরচ হচ্ছে।
সেবার মান বাড়ানো প্রসঙ্গে জানতে চাইলে ওয়াসার এমডি বলেন, "গত এক বছরে ৬৬টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এতে ১৮ কোটি লিটার পানির উৎপাদন বেড়েছে।"
এছাড়া ১০৯ কিলোমিটার পানির লাইন এবং ১৭ কিলোমিটার ড্রেনেজ লাইন স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।
চতুর্থ বারের মতো দাম বৃদ্ধি
বর্তমান সরকারের আমলে এ নিয়ে চতুর্থবার পানির দাম বাড়ছে। ২০০৯ সালে একবার এবং গত বছর দুই দফা দাম বাড়ানো হয়।
২০০৯ সালে প্রতি ইউনিট পানির দাম ছিলো ৫ টাকা ৭৫ পয়সা। গত বছর প্রথম দফায় এক ইউনিট পানির দাম ৬ টাকা ৪ পয়সা ও পরে তা ৬ টাকা ৩৪ পয়সা করা হয়।
বর্তমানে দৈনিক প্রায় ২২৫ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে গড়ে ২১০ কোটি লিটার পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা।
এর মধ্যে ৯০ শতাংশ পানি ৫৮৭টি গভীর নলকূপ এবং ১০ শতাংশ পানি চারটি শোধনাগার থেকে সরবরাহ করা হয় বলে জানান ওয়াসার এমডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯২৫ ঘ.
bdnews24