২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা করে আসামি ছিনিয়ে নিলো ছাত্রলীগ নেতা

পুলিশ ক্যাম্পের কর্তব্যরত প্রহরীর ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে গৌরনদী উপজেলার এক ছাত্রলীগ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

বরিশাল, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ ক্যাম্পের কর্তব্যরত প্রহরীর ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে গৌরনদী উপজেলার এক ছাত্রলীগ নেতা। টরকীবন্দর পুলিশ ফাঁড়ি থেকে সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা স্বপন সরদার তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। টরকীবন্দর পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা আব্দুস সোবাহান হাওলাদার সাংবাদিকদের বলেন, টরকীবন্দরের ব্যবসায়ী মো. দেলোয়ারের মুদির দোকান থেকে বস্তাভর্তি হলুদ চুরি হয়। স্থানীয় ব্যবসায়ীরা মোজাফফর হোসেন (৪৫) নামে এক জনকে সকালে আটকের পর পুলিশে তুলে দেয়। ওই সময় তার কাছ থেকে বস্তাভর্তি হলুদও উদ্ধার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে গৌরনদী উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক স্বপন সরদার ৪/৫ জন সহযোগীকে নিয়ে পুলিশ ক্যাম্পে এসে মোজাফফরকে ছেড়ে দিতে বলে স্থানীয়রা জানায়। পুলিশ আসামি ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডা এবং পরে স্বপন ও তার সহযোগীরা মোজাফফরকে ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা সোবাহান অভিযোগ করেন। তিনি বলেন, ওই সময় তারা (ছাত্রলীগ নেতা) কনস্টেবল অপূর্ব দাসের ইউনিফর্ম ছিড়ে ফেলে এবং কনস্টেবল শাহাদাত হোসেনকে মারধর করে। ছাত্রলীগ নেতা স্বপন সরদার পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চোর ধরা পড়ার খবর শুনে টরকী বন্দর পুলিশ ক্যাম্পে গেলে পুলিশ আমাকে লাঞ্ছিত করেছে।" এ বিষয়ে গৌরনদী থানার ওসি নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিনিয়ে নেওয়া আসামি ফিরিয়ে দেওয়া না হলে হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.