ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ায় অটিজম বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী।
অটিজম বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে সোমবার ঢাকায় এ সম্মেলন শুরু হলো। আয়োজকদের পাশাপাশি অটিজম বিশেষজ্ঞ ও অটিস্টিক শিশুদের অভিভাবকদের আশা, এ সম্মেলনের পর অটিজম নিয়ে মানুষের ভুল ধারণাগুলো ধীরে ধীরে কেটে যাবে। অটিস্টিক শিশুদের আলাদা করে না রেখে তাদের নিয়েই এগিয়ে যাবে সমাজ।
সকাল পৌনে ১১টায় রূপসী বাংলা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে অটিস্টিক শিশুদের নাচ দর্শকদের মোহিত করে। রবিঠাকুরের 'আনন্দলোকে মঙ্গলালোকে' গানের সঙ্গে অটিস্টিক শিশুদের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অটিস্টিক শিশুদের নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
এ সম্মেলনকে একটি সমন্বিত ঐতিহাসিক যাত্রা বলে উল্লেখ করেন সোনিয়া। তিনি বলেন, "আমাদের অঞ্চলে অটিজম একটি বড় সমস্যা। কিন্তু এ সম্পর্কে অনেক কিছুই আমরা জানি না।"
অটিস্টিক শিশুদের প্রতি মমত্ববোধ বাড়াতে সবার প্রতি আহ্বান জানিয়ে সোনিয়া বলেন, শুধু তাদের খাদ্য, শিক্ষার নিশ্চয়তা দিলেই চলবে না, তাদের ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিতে হবে।
প্রধানমন্ত্রী হাসিনা বলেন, উন্নয়নশীল দেশগুলোতে প্রতিবন্ধীদের অধিকার খুব কম এবং তা কদাচিৎ নিশ্চিত করা হয়।
প্রতিবন্ধীদের দুর্দশা লাঘব, অধিকার প্রতিষ্ঠা এবং তাদের অবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সামাজিক ও আইনি অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানানোর পাশাপশি প্রধানমন্ত্রী জানান, তার সরকার এক্ষেত্রে দ্রুততম সময়ে এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।
এ সম্মেলনের মাধ্যমে অটিজমকে নিয়ে কুসংস্কার এবং ভুল ধারণা দূর হবে বলে হাসিনা আশা প্রকাশ করেন।
ভারতে অটিজম সচেতনতা আন্দোলনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক, সে দেশের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এ সম্মেলনে অংশ নেন।
শ্রীলংকার ফার্স্ট লেডি শিরস্থি রাজাপাকাসে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের স্ত্রী ইলহাম হুসেন এবং মধ্যপ্রাচ্য, জাতিসংঘের প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও চিকিৎসকরা এ সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে ছিলেন মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক সংস্থা অটিজম স্পিকস বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এ উপলক্ষে ঢাকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সম্মেলনের অন্যতম উদ্যোক্তা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল দীর্ঘদিন ধরে অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের 'স্কুল সাইকোলজিস্ট' সায়মা এ সম্মেলনের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অটিজম সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে চাই। এ অঞ্চলের অটিস্টিক শিশুরা অত্যন্ত অবহেলিত। তাদের সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই।"
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরো ডেভেলপমেন্ট এন্ড অটিজম সেন্টারের সমন্বয়কারী ডা. শাহীন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ এশিয়ার অটিস্টিক শিশুদের কল্যাণে এই সম্মেলনের মাধ্যমে একটি 'প্ল্যাটফর্ম' গঠন করা হবে।
"সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির পার্থক্যের কারণে বিভিন্ন দেশের অটিস্টিক শিশুদের ভিন্ন ভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে সবগুলো বিষয় একত্র করে দেখা হবে- কীভবে এর সমাধান করা যায়। আমার বিশ্বাস, 'দক্ষিণ এশীয় অটিজম নেটওয়ার্ক' সচেতনতা তৈরি, শিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধির মাধ্যমে এ অঞ্চলের অটিস্টিক শিশুদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।"
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত জানান, বিভিন্ন দেশের ৩১ জন বিশেষজ্ঞসহ সমাজের বিভিন্ন অংশের প্রায় ৪০০ প্রতিনিধি এই সম্মেলনের জন্য নাম নিবন্ধন করেছেন।
মূল সম্মেলনের পর ২৭ থেকে ২৯ জুলাই অভিভাবক, চিকিৎসক আর স্কুল শিক্ষকদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি কর্মশালা হবে। অটিজমের লক্ষণ ও কীভাবে অটিস্টিক শিশুদের যত
bdnews24