খুলনা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক কালের কণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন, ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদুল হক মিলনসহ চারজনের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
রোববার খুলনার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সদস্য সুলতানা রহমান শিল্পী।
বিচারক মামলাটি গ্রহণ করে আগামী ৭ সেপ্টেম্বর আসামিদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
অপর দুই আসামি হলেন প্রতিবেদক মো. মেজবাহ উদ্দিন ও অনিক শাহরিয়ার।
মামলার নথি থেকে জানা যায়, গত ১২ জুলাই কালের কণ্ঠে তিন নম্বর আসামি মো. মেজবাহ উদ্দিন 'হরতাল আওয়ামী লীগের ফাঁদে বিএনপির পা' শীর্ষক রচনায় লেখেন- জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলার নেতৃত্বে যে পুলিশ অফিসার ছিলো কাকতালীয়ভাবে তারা দুজনই কিশোরগঞ্জের বাসিন্দা। যদিও ইলেকট্রনিক মিডিয়ায় যখন বারবার এ হামলার দৃশ্যে দুই পুলিশ অফিসারের উম্মত্ততা দেখানো হচ্ছিলো তখন বেশিরভাগ মানুষই মনে করেছিলো তারা গোপলগঞ্জের পুলিশ।
একইভাবে চার নম্বর আসামি অনিক শাহরিয়ার 'গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোনো জেলা নয়' শীর্ষক প্রতিবেদনে লেখেন- গোপালগঞ্জ বাড়ি হলেই কি এক স্কুল ছাত্রীকে নির্যাতন করে সেটি ভিডিও করে পকেটে নিয়ে বসে থাকা যায়? গোপালগঞ্জ বাড়ি বলেই কি নৌকা মার্কায় নির্বাচন করা রাশেদ খান মেনন তার তথাকথিত সুশীলতা গিলে ফেলে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিলেন?
অভিযোগ আরো বলা হয়, এ দুই আসামি সম্পূর্ণ বিদ্বেষ প্রসূতভাবে গোপালগঞ্জের মানুষ সম্পর্কে ঢালাওভাবে মিথ্যা, বানোয়াট ও মনগড়া মানহানিকর বক্তব্য প্রকাশ করেছেন।
এতে বাদী শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৮ ঘ.
bdnews24