সিলেট, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ক্রয় ব্যবস্থাপক মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরী হত্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে রোববার এই অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ।
অভিযোগপত্রের একমাত্র আসামি হলেন এ মামলায় গ্রেপ্তার হওয়া উসমান গণি (২২)। উসমান সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও গ্রামের প্রয়াত জহুর আলীর ছেলে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
তবে এ অভিযোগপত্রে আদালতে নারাজি দেবেন বলে জানিয়েছেন নিহত আনোয়ারা আবেদীনের ছেলে তৌহিদুল আবেদীন চৌধুরী।
গত বছরের ৯ ডিসেম্বর বিকালে আনোয়ারা আবেদীন চৌধুরীর অর্ধগলিত লাশ নগরীর লামাবাজার পুলেরপাড় নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ।
আনোয়ারা ওই বাড়িতে একা থাকতেন। তার স্বামী, দুই ছেলে ও এক মেয়ে দেশের বাইরে বসবাস করেন।
পরদিন তার যুক্তরাজ্য প্রবাসী স্বামী সামসুল আবেদীন চৌধুরী দেশে ফিরে সিলেট কোতয়ালি থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন।
১৬ ডিসেম্বর উসমান গণিকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমদ বলেন, "মুক্তিযোদ্ধা হওয়ায় তদন্তকাজ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে করা হয়েছে। উসমান আদালতে স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি দিয়েছিলেন, তার আলোকেই অভিযোগপত্র তৈরি করা হয়েছে।"
এ ব্যাপারে নিহতের বড় ছেলে তৌহিদুল আবেদীন চৌধুরী বলেন, উসমান গণিকে পুলিশ গ্রেপ্তার করার পরপরই তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা।
"এ অভিযোগপত্রের বর্ণনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, আদালতে আমরা নারাজি দেব," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.
bdnews24