লক্ষ্মীপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর পৌর মেয়র মো. আবু তাহের দাবি করেছেন তার পরিবার মওদুদের ষড়যন্ত্রের শিকার।
তিনি বলেছেন, "নুরুল ইসলাম হত্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসা মোতাবেক ষড়যন্ত্রমূলকভাবে আমার পরিবারকে সর্বস্বান্ত করার জন্য জড়ানো হয়েছে।
"লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে ১৯৯৬ সালে উপ-নির্বাচনে মওদুদ আহমেদ বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নির্বাচনে আমি আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করি।"
এর প্রতিশোধ নেওয়ার জন্য মওদুদ ও বিএনপি এই ষড়যন্ত্র করেছে বলে তিনি দাবি করেন।
লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলামকে গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ টুকরা টুকরা করে মেঘনায় ফেলে দেওয়া হয়।
আলোচিত এ ঘটনায় ২০০৩ সালে হত্যামামলার রায়ে বিচারিক আদালত লক্ষ্মীপুর পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীহ নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দেয়। তবে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর থেকে পলাতক ছিলেন বিপ্লব। এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার প্রকাশ্য হন তিনি।
ওই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া এ এইচ এম বিপ্লবের দণ্ড রাষ্ট্রপতি মওকুফ করেছেন বলে গত ২০ জুলাই একটি দৈনিকে খবর প্রকাশিত হয়।
এ দণ্ড মওকুফের ঘটনায় সরকারের সমালোচনা করেছে বিরোধী দল বিএনপি। সরকারের কয়েকজন মন্ত্রী দণ্ড মওকুফ সমর্থন করে বক্তব্য দিয়েছেন।
এ অবস্থায় রোববার সংবাদ সম্মেলন করলেন আবু তাহের।
তিনি বলেন, "নুরুল ইসলামকে বাঁচাতে গিয়ে বিপ্লব সন্ত্রাসীদের রোষানলে পড়েছিল। সে কীভাবে তাকে হত্যা করবে?"
"আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ছেলের প্রাণভিক্ষা চেয়েছি রাষ্ট্রপতির কাছে। এটা অন্যায় দাবি করিনি।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি মো. শাহজাহান কামাল, সাধারণ সম্পাদক নুরুল হুদা বকুল, মহিলা লীগ সভানেত্রী ফরিদা ইয়াসমিন লিকা, আওয়ামী লীগ নেতা জহিরুল আলম শিমুল, রায়পুর উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হোসেন দুলাল চৌধুরী প্রমুখ।
এদিকে বিপ্লবের মুক্তির দাবিতে একই দিন বিকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ শহরে একটি বিক্ষোভ মিছিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/১৯১৭ ঘ.
bdnews24