নাটোর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের কসবাপীরগঞ্জ গ্রামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে রোববার তার শাশুড়ি শামসুন্নাহার বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে সদর উপজেলার কসবাপীরগঞ্জ গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী নাদিরা বেগমের (২২) শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার তিনি মারা যান।
এ ঘটনায় শনিবার রাতে নাদিরার বাবা জমির উদ্দিন বাদী হয়ে দেবর সুমন ও শাশুড়ি শামসুন্নাহারকে আসামি করে একটি মামলা করেন।
জমির উদ্দিন জানান, দেবর সুমন আলী দীর্ঘদিন থেকে নাদিরাকে উত্ত্যক্ত করে আসছিলো। ঘটনাটি নাদিরা তার স্বামী ইসমাইলকে জানালে সুমন তার প্রতি ক্ষিপ্ত হয়ে বাড়িতে থাকা শ্যালো মেশিনের তেল দিয়ে শরীরে আগুন লাগিয়ে দেয়। এ সময় তার মা শামসুন্নাহার নাদিরাকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি এবং সুমনকে পালানোর সুযোগ করে দেয়।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "রোববার দুপুরে কসবাপীরগঞ্জ-নাটোর সড়ক থেকে শামসুন্নাহারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৪৮ ঘ.
bdnews24