২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ছিনতাই' সয়াবিন তেল উদ্ধার, আটক ৪

গাজীপুরের টঙ্গী থেকে 'ছিনতাই' হওয়া ট্রাকভর্তি ৬০ ড্রাম সয়াবিন তেলের মধ্যে ৪০ ড্রাম উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 07:06 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

গাজীপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী থেকে 'ছিনতাই' হওয়া ট্রাকভর্তি ৬০ ড্রাম সয়াবিন তেলের মধ্যে ৪০ ড্রাম উদ্ধার করেছে পুলিশ। তেল নিয়ে ট্রাকটি চট্টগ্রাম থেকে রংপুর যাওয়ার পথে ছিনতাই হয় শুক্রবার ভোরে। টঙ্গী বাজার থেকে শনিবার সন্ধ্যায় এ উদ্ধার অভিযান চালানো হয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চার জনকে আটক করেছে। তেলের মালিক অরুণ বাবুর কর্মচারী গোবিন্দ চন্দ্র জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রাসেল অয়েল মিল থেকে ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১০৬৫) রংপুরের তারাগঞ্জে অরুণ বাবুর আড়তের উদ্দেশে রওনা দেয়। শুক্রবার ভোরে ট্রাকটি টঙ্গী মিলগেইট এলাকায় পৌঁছুলে কয়েকজন ছিনতাইকারী কৌশলে ট্রাকের চালক কমল ও সহকারী গোপালকে খাবারের সঙ্গে নেশা খাইয়ে অচেতন অবস্থায় ট্রাক থেকে ফেলে দেয়। পরে তেলসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ওই তেলের মালিকের পরিচিত আরেক চালক দেখতে পেয়ে তাদের ফোনে জানিয়ে দেন। তারা বিষয়টি পুলিশকে জানায়। অসুস্থ চালক ও সহকারী এখন রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান গোবিন্দ চন্দ্র। তবে পুলিশ বলছে ট্রাকটি চুরি হয়েছিল। টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, চালক ও সহকারী ট্রাকটি রেখে মিলগেট এলাকায় খেতে গেলে এটি চুরি হয়ে যায়। শনিবার রাতে গোপন সংবাদ পেয়ে টঙ্গী বাজারের হাজী ট্রেডার্স থেকে ২০ ড্রাম ও খোরশেদ ট্রেডার্স থেকে ২০ ড্রাম তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় হাজী ট্রেডার্সের মনির হোসেন (৩০) এবং খোরশেদ ট্রেডার্সের সুমনসহ (২৪) চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ট্রাক ও বাকি তেলের ড্রাম উদ্ধারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.