ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক আদালত 'ক্যাঙ্গারু কোর্ট' হলে সামরিক আইনে '৭৫-পরবর্তী সব ফাঁসির ক্ষেত্রেই মামলা করা যাবে বলে মন্তব্য করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি শনিবার বলেন, "মওদুদ আহমেদ স্বীকার করেছেন সামরিক আদালত ক্যাঙ্গারু কোর্ট। ক্যাঙ্গারু কোর্টে ঝিন্টুর ফাঁসির রায় অবৈধ হলে ৭৫-পরবর্তী [সময়ে] সামরিক আইনে যত ফাঁসি হয়েছে সবই অবৈধ।
"সেগুলো হত্যাকাণ্ড বলে বিবেচিত হবে। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে আদালতে মামলাও করা যাবে।"
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগ্রপ্ত এ কথা বলেন।
শুক্রবার বিএনপি নেতা ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ বলেছিলেন, বিএনপি আমলে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করা ঝিন্টুর মামলাটি সামরিক শাসনামলে ক্যাঙ্গারু কোর্টে হয়েছিল। অন্যদিকে নুরুল ইসলাম হত্যামামলাটি প্রচলিত আইনে ও প্রচলিত আদালতে হয়েছে।
এক হত্যামামলার আসামি এ এইচ এম বিপ্লবের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতির মওকুফের সমালোচনা করে বক্ত্য দিতে গিয়ে এ কথা বলেন মওদুদ। বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুরের পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।
মওদুদের উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, "সুবিধামত ক্যাঙ্গারু কোর্ট বলবেন, আবার সুবিধামত আইনের শাসনের কথা বলবেন।"
"আপনার পক্ষে এসব কথা বলা সাজে না। আপনি ক্যাঙ্গারু শাসকের মন্ত্রী ছিলেন। ক্যাঙ্গারু শাসনকে বৈধতা দেওয়ার জন্য ভোটও দিয়েছিলেন আপনি।"
মওদুদ আহমেদ জিয়াউর রহমান এবং হুসেইন মুহাম্মদ এরশাদের দুই সামরিক সরকারেরই মন্ত্রী ছিলেন।
রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া বিপ্লব ও বিএনপি আমলে ক্ষমা পাওয়া হত্যা মামলার আসামি ঝিন্টুর বিষয়টি আলাদা- মওদুদ আহমেদের এ বক্তব্যের সমালোচনা করেন সুরঞ্জিত।
তিনি বলেন, "বিপ্লব আইনের কাছে আত্মসমর্পণ করেছে। ঝন্টু আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে সুইডেনে পলাতক ছিল। ২২ বছর পর তাকে দেশে এনে মওদুদ ক্ষমা প্রদর্শনের জন্য সুপারিশ করে তাকে মুক্ত করেছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০০২৩ ঘ.
bdnews24