২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের ইশারায় বিপ্লব আসামি: কামরুল

মওদুদ আহমেদের 'ইশারায়' নুরুল ইসলাম হত্যামামলায় আওয়ামী লীগ নেতা আবু তাহের ও তার পরিবারের সদস্যদের আসামি করা হয় বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওদুদ আহমেদের 'ইশারায়' নুরুল ইসলাম হত্যামামলায় আওয়ামী লীগ নেতা আবু তাহের ও তার পরিবারের সদস্যদের আসামি করা হয় বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় বলেন, "২০০০ সালে নুরুল ইসলাম হত্যাকাণ্ডের পর লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি তারেক উদ্দিন মাহমুদ চৌধুরী প্রথম বাদী যে মামলা করেছিলেন ওই মামলার এজহারে কোনো আসামির নাম ছিল না।" "পরবর্তীতে মওদুদ আহমেদের দেওয়া একটি দরখাস্তের প্রেক্ষিতে এই মামলার আসামি হিসাবে তাহের, তার স্ত্রী ও তার তিন ছেলে সহ মোট ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। এর পর মোট ২৪ জনের বিরুদ্ধে এই মামলার চার্জশিট দেওয়া হয়।" জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ আয়োজিত 'বর্তমান রাজনীতির প্রেক্ষাপট ও বিরোধী দলের অপতৎপরতা' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন আইন প্রতিমন্ত্রী। গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর লক্ষ্মীপুর শহরের বাসা থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলামকে অপহরণ করে হত্যা করা হয়। এ ব্যাপারে ২০০৩ সালে নুরুল ইসলাম হত্যা মামলার বিচারিক আদালত বিপ্লবসহ পাঁচজন আসামীর মৃত্যুদণ্ড এবং নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। লক্ষ্মীপুরের পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে বিপ্লবের ফাঁসির দণ্ডাদেশ রাষ্ট্রপতি মওকুফ করেছেন বলে গত ২০ জুলাই একটি দৈনিকে খবর প্রকাশিত হয়। এ দণ্ড মওকুফের ঘটনায় সরকারের সমালোচনা করেছে বিরোধী দল বিএনপি। সরকারের কয়েকজন মন্ত্রী দণ্ড মওকুফ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। কামরুল ইসলাম বলেন, "মওদুদ আহমেদ আইনমন্ত্রী হিসাবে এই মামলার রায়কেও প্রভাবিত করেছিলেন। যার ফলশ্র"তিতে এই রায়। এই রায় সঠিক নয়। সব রায়ই সঠিক রায় নয়।" নুরুল ইসলামের হত্যাকারীদের রাষ্ট্রপতির ক্ষমা প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, "রাষ্ট্রপতি তার সাংবিধানিক অধিকার বলে এই ক্ষমা প্রদান করেছেন। এ বিষয়ে সমালোচনার সুযোগ নেই।" "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসামিদের আবেদনের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের সুপারিশক্রমেই রাষ্ট্রপতি এই ক্ষমা প্রদান করেছেন।" চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম হাসান ইমাম ২০০৩ সালের ৯ ডিসেম্বর এই রায় দেন। গত ৬ এপ্রিল বিপ্লব নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তার বাবা আবু তাহের ছেলের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২১৩০ ঘ.