সিলেট, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ বিরোধের জেরে সিলেট নগরীতে ছাত্রদলের দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে জিন্দাবাজার শ্যামলী কমিউনিটি সেন্টারের সামনে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের পাঁচজন হলেন ছাত্রদলকর্মী বেলাল, শহিদুল, দিপু, সামসুল ও মনি। বাকিদের নাম জানা যায়নি।
সিলেট কোতয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, নগরীর কোর্ট পয়েন্টে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।
উভয়পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর চড়াও হয়। এ সময় একটি প্রাইভেট কারও ভাংচুর করা হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান, সমাবেশ থেকে ফেরার পথে তাদের প্রতিপক্ষ নূরুল আলমের সমর্থকরা তার সমর্থকদের উপর হামলা চালালে সংঘর্ষ বাধে।
এ ব্যাপারে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুল আলম সিদ্দিকী খালেদ জানান, সংঘর্ষের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আএম/ডিডি/২০১১ ঘ.
bdnews24