২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপরিবহনে আবার কাউন্টার সার্ভিস

চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহণে আবার চালু হচ্ছে কাউন্টার সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 10:56 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহণে আবার চালু হচ্ছে কাউন্টার সার্ভিস। পরিবহন মালিকদের একাংশ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জানান, সোমবার এই সার্ভিস চালু হবে এবং এদিন থেকে নগরীতে আর কোন লোকাল সার্ভিস থাকবে না। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১৪ এপ্রিল চট্টগ্রাম মহানগরীর সবগুলো রুটে গণপরিবহনে কাউন্টার সার্ভিস চালু করা হয়। কিন্তু কিছুদিন পরেই তা বন্ধ হয়ে যায়। শনিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র"পের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, নগরীর ১২টি রুটে বাস, মিনিবাস ও হিউম্যান হলার ২৫ জুলাই থেকে কাউন্টার সার্ভিসের অধীনে চলাচল করবে। ৮৫০টি বাস-মিনিবাস ও ৬৫০টি হিউম্যান হলার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, ২৫ জুলাই সকাল ৭টা থেকে নগরীর ১৩৭ টি কাউন্টারে ১২টি রুটের টিকেট বিক্রি হবে। কাউন্টার স্থাপনের কাজ শেষ হয়েছে কি না জানতে চাইলে সিটি বাস,মিনিবাস, হিউম্যান হলার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী বলেন, সোমবার সকালেই তা দৃশ্যমান হবে। নগরীর জনসংখ্যা অনুসারে গণপরিবহণের স্বল্পতার বিষয়টি স্বীকার করে নিয়ে পরিবহন নেতারা বলেন, কাউন্টার সার্ভিসের অধীনে নিয়মতান্ত্রিক উপায়ে নির্দিষ্ট সময় পর পর গাড়ি ছাড়া হবে। যাত্রীরা কাউন্টার থেকে টিকেট নিয়ে চলাচল করলে গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে। এই কাউন্টার সার্ভিস সফল করতে তিন দফা দাবি জানান পরিবহন নেতারা। দাবিগুলো হলো, কাউন্টার সার্ভিসের গাড়ি নগরীর পাঁচ শিল্প এলাকার শ্রমিক পরিবহনে ব্যবহার না করা, দক্ষ চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিটি কাউন্টারে যাত্রী ছাউনি ও বাতির ব্যবস্থা করা। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র"পের সদস্য সিটি বাস, মিনিবাস, হিউম্যান হলার ওনার্স এসোসিয়েশন, চট্টলা বাস, মিনিবাস, হিউম্যান হলার পরিবহন মালিক সমিতি, চট্টগ্রাম মহানগর বাস,মিনিবাস, হিউম্যান হলার বণিক সমিতি ও কালুরঘাট বাস মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত মে মাসে চট্টগ্রাম মাহনগর পুলিশের ট্রাফিক বিভাগ বন্দর নগরীতে আবারো কাউন্টার সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়। এরপর ট্রাফিক বিভাগ গত ২৬ জুন, ৩০ জুন ও ১৩ জুলাই তিন দফা সময় নির্ধারণ করলেও তা বাস্তবায়ন করতে পারে নি। গত ২০ জুলাই সব পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, সিইপিজেড কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে কাউন্টার সার্ভিস চালুর সময় ২৫ জুলাই পুন:নির্ধারণ করে ট্রাফিক বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/১৬৩৫ ঘ.