২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সন্ত্রাসীরাই আমার বন্ধুদের পিটিয়ে মেরেছে'

সাভারে গণপিটুনিতে প্রাণ হারানো ছাত্রদের মধ্যে বেঁচে যাওয়া আল-আমিন বলছেন, সন্ত্রাসীদের হাতেই তার বন্ধুদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গ্রামবাসীরা থাকলে তাদের অন্তত দু'একজন বেঁচে যেত বলেই তার ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 11:02 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে গণপিটুনিতে প্রাণ হারানো ছাত্রদের মধ্যে বেঁচে যাওয়া আল-আমিন বলছেন, সন্ত্রাসীদের হাতেই তার বন্ধুদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গ্রামবাসীরা থাকলে তাদের অন্তত দু'একজন বেঁচে যেত বলেই তার ধারণা। শুক্রবার দুপুরে দারুস সালাম রোডের নিজের বাসায় বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমাদের সবাইকে আলাদা আলদাভাবে মারা হয়। তখন পর্যন্ত গ্রামবাসী আসেনি। ওদের সবার হাতে ছিলো রামদা, চাপাতি, লাঠি আর বড় বড় ছুরি। আমি, কান্তু আর ইব্রাহিম ভাই ছিলাম একসঙ্গে। প্রথমেই আমার মাথায় বাড়ি দিয়ে ওরা মোবাইল আর মানিব্যাগ ছিনিয়ে নেয়। কান্তু কথা বলতে গেলে কোপ দিয়ে ওর দুই হাত নামিয়ে দেয় ওরা।" আল-আমিনের বিশ্বাস, শবে বরাতের রাতে তার বন্ধুদের যারা পিটিয়ে মেরেছে- তারা সবাই সন্ত্রাসী। "তারা সংখ্যায় ১৫-২০ জন ছিলো। আমাদেরকে মেরে পরে গ্রামবাসীদের খবর দেয় তারা। গ্রামের লোকজন আগে থেকে থাকলে আমাদের দু'একজন হয়তো বাঁচতে পারতো।" ১৭ জুলাই ভোররাতে আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে পিটুনিতে ছয় ছাত্র নিহত হয়। তাদের সঙ্গী আল-আমিনই কেবল বেঁচে যায়। ডাকাতির অভিযোগ এনে তার বিরুদ্ধে একটি মামলা করেছেন স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক। নিহত ছয় ছাত্রের বিরুদ্ধেও ডাকাতির অভিযোগ এনেছেন তিনি। অন্যদিকে প্রায় পাঁচশ গ্রামবাসীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। সেই রাতের কথা বলতে বলতে একটু পরপর হাঁপিয়ে উঠছিলেন আল-আমিন। চোখ বুজে দম নিচ্ছিলেন মাঝেমধ্যে। একা প্রাণে বেঁচে গেলেও মাথায় ৯টি সেলাই লেগেছে। পিঠের দুই জায়গায় এবং কোমরের কাছে গভীর ক্ষত নির্দয় পিটুনির সাক্ষ্য দিচ্ছে। মুখের ভেতরেও আঘাত পেয়েছেন আল-আমিন। শক্ত কিছু খেতে পারছেন না। পিঠের ব্যাথার কারণে চিৎ হয়ে শোয়ারও উপায় নেই। আল-আমিনের মা শিল্পী আখতার বলেন, "রাতে একটু পরপর আতঙ্কে চিৎকার করে উঠছে ছেলেটা। যন্ত্রণায় ঘুমাতে পারে না। তার ওপর কখন পুলিশ এসে ধরে নিয়ে যায়- সেই ভয় তো আছেই।" এরই মধ্যে আল-আমিনের চিকিৎসা এবং জামিন বাবদ প্রায় এক লাখ টাকা খরচ হয়ে গেছে বলে জানালেন তার বাবা হবি ব্যাপারী। আল-আমিন বলেন, "সরকারের কাছে আমার অনুরোধ, আমার কেসটা যেন উঠিয়ে নেয়। আমার পরিবারের পক্ষে কেস চালানো সম্ভব না। আমি আমার বন্ধু, খেলার সাথীদের হত্যার বিচার চাই।" নিহত ৬ ছাত্রের মধ্যে কান্তুর বাবা ট্রাকচালক আব্দুল কাদের সুরুজ গত বছর এক দুর্ঘটনার পর থেকে শয্যাশায়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমার ছেলেরে মারছে ওই এলাকার সন্ত্রাসীরা। আমিনবাজারে ট্রাকস্ট্যান্ড হওয়ার পর থেকে আমি ওই এলাকার ট্রাক চালাই। ওরা ব্রিজের নিচে বসে থাকে ছিনতাইয়ের জন্য। এর আগে ওরা র‌্যাব-পুলিশরেও ছাড়ে নাই।" আব্দুল কাদের বলেন, "আমাদের ছেলেরা যদি ডাকাতিই করতে যাবে- তাহলে ওই পক্ষের কেউ আহত হলো না কেন? ওই গ্রামের অনেকেই আমার চেনা। তারা বলছে, আমার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা আমার কান্তুরে মারছে। মরার পর ওরে যখন দেখছি, ওর দুইটা হাতই সেলাই করা ছিলো।" বাংলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র কান্তুর ক্লাস শুরু হওয়ার কথা ছিলো ১৯ জুলাই। কান্তুর বাবার অভিযোগ, আল-আমিনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী বালু ব্যাবসায়ী আব্দুল মালেক আসলে মাদক ব্যবসায়ী। এর সঙ্গে সাভার থানার ওসি মাহাবুবুর রহমান এবং এসআই আনোয়ারও জড়িত। একই রকম অভিযোগ করেন আরেক নিহত ছাত্র ইব্রাহিমের চাচাতো ভাই ব্যবসায়ী শাহ আলমও। তিনি জানান, বাংলা কলেজের হিসাববিজ্ঞন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিমের এবারের রোজায় ফার্মগেটে একটি শাড়ির দোকানে কাজ করার কথা ছিলো। শুক্রবার জুমার নামাজের পর দারুস সালাম এলাকার সব মসজিদে নিহত ছাত্রদের স্মরণে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। নামাজ শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত সবাই ছিলো খুবই ভদ্র ও নম্র প্রকৃতির। তাদের ডাকাতিতে জড়ানোর বিষয়টি এলাকাবাসীর কাছে বিশ্বাসযোগ্য নয়। ইব্রাহিম ও কান্তুর প্রতিবেশী এবং আল-আমিনের চিকিৎসক পঙ্গু হাসপাতালের শিকদার মো. মাহাবুব হোসেন বলেন, "আমি এই এলাকায় দশ বছরের বেশি সময় ধরে আছি। ওদের প্রায় সবাইকে আমি চিনি। কান্তুর লাশের দুই হাতই বিচ্ছিন্ন ছিলো। পরে সেলাই করা হয়েছে। ইব্রাহিমের মুখ ছিলো থ্যাতলানো। সবার শরীরেই ছিলো কোপের দাগ। পলাশের পায়ের রগ কাটা ছিলো। এ কাজ সন্ত্রাসীরা ছাড়া কেউ করতে পারে না।" নিরাপত্তার অভাবে আল-আমিনকে হাসপাতালে রেখে চিকিৎসা করাও সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। আরেক প্রতিবেশী ঠিকাদার মো. সুলতান বলেন, "কিছুদিন আগেই ওরা র‌্যাব মারলো, পুলিশ মারলো। ওদের সাহস বাইড়্যা গেছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।" ইব্রাহিমের ছোটবেলার শিক্ষক পলাশ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ, প্রশাসন আমাদের পক্ষে নেই। যখন এলাকাবসী, ছাত্র-শিক্ষক এই ছাত্রদের পক্ষে দাঁড়ায়, তখনও পুলিশ তাদের ডাকাত প্রমাণের চেষ্টা করছে। এটা লজ্জার।" স্থানীয় এমপি ও কমিশনার সহযোগিতার আশ্বাস দিলেও তারা কোনো ভূমিকা রাখছেন না বলেও অভিযোগ করে এলাকাবাসী। তারা বলছেন, পুলিশ সঠিক ভূমিকা নিতে পারেনি। "এখন তারাই আবার আল-আমিনরে আসামি বানাইছে," বলেন ব্যবসায়ী মিজান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৬৫৪ ঘ.