রাজশাহী, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত এক ভারতীয় নাগরিকের লাশ একশ' দিন পর শুক্রবার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বিজিবি জানায়, গত ১১ এপ্রিল রাতে রাজশাহীর পবা উপজেলার সোনাইকান্দি সীমান্তে বিএসএফ'র গুলিতে আহত হন আলমগীর হোসেন কালু (৩০)। এরপর তিনি বাংলাদেশে চলে আসেন।
পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।
তালাইমারী বিজিবি বিওপি'র কোম্পনি কামান্ডার সুবেদার আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে নগরীর রাজপাড়া থানা পুলিশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কালুর লাশ নিয়ে বিজিবি'র ৩৭ ব্যাটালিয়নের তালাইমারী ক্যাম্পের সদস্যদের হস্তান্তর করেন।
পরে তারা ভারতের কাহারপাড়া ৯ নম্বর পিলার এলাকায় বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারের কাছে হস্তান্তর করেন।
কালু ভারতের মুরশিদাবাদ জেলার রানীনগর থানার চরবাঁশঘাড়া গ্রামের বিরাজ উদ্দিন শেখের ছেলে।
বিজিবি কর্মকর্তা আরো জানান, বিএসএফ প্রথমে লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানালেও চিঠি চালাচালির পর ১১ জুলাই তারা লাশ গ্রহণ করতে রাজি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১৪২ ঘ.
bdnews24