ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাকরাইলের নির্মাণাধীন আইরিশ নূরজাহান টাওয়ারের যে লিফট ছিঁড়ে বৃহস্পতিবার চার শ্রমিকের মৃত্যু হয়, সেটি এর আগেও একবার ছিঁড়ে পড়েছিল বলে জানিয়েছেন প্রধান শ্রমিক মো. আজগর।
পুলিশকে তিনি বলেছেন, ত্র"টিপূর্ণ লিফটটি মেরামতের জন্য শ্রমিকরা বারবার অনুরোধ করলেও নির্মাণকারী কর্তৃপক্ষ তা কানে তোলেনি।
ওই দুর্ঘটনার পর বৃহস্পতিবার গভীর রাতে নির্মাণকারী সংস্থার মালিকসহ পাঁচ জনকে আসামি করে একটি মামলা করেন আজগর।
আসামিরা হলেন, ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান 'বিল্ডিং ফর ফিউচার লিমিটেড' এর মালিক রিহ্যাবের সাবেক সভাপতি তানভিরুল হক প্রবাল, সাইট ম্যানেজার তানভিরুল হাসান, প্রজেক্ট ম্যানেজার গাজিবুর রহমান, মহা-ব্যবস্থাপক মো. আসলাম ও টাইলস সরবরাহকারী ঠিকাদার মো. হান্নান। এদের মধ্যে হান্নানকে বৃহস্পতিবারই গ্রেপ্তার করে পুলিশ।
রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
বাদি আজগরকে উদ্ধৃত করে ওসি বলেন, "লিফটটি ভালো ছিলো না। শ্রমিকরা দীর্ঘদিন ধরেই সেটি ঠিক করার কথা বলে আসছিলেন। কিন্তু মালিকপক্ষ তা ঠিক করেনি।"
আজগর পুলিশকে জানিয়েছেন, এর আগেও একবার লিফটটি ছিঁড়ে পড়েছিলো। তবে তখন লিফটে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে লিফটটি আবার ছিঁড়ে পড়লে মো. জাহিদুল (২৪), আবদুর রহমান (২০), রুবেল (২০) ও দেলোয়ার (২০) নামে চারজনের মৃত্যু হয়।
রমনা থানার ওসি জানান, চার শ্র্রমিক নির্মণাধীন ওই ভবনের লিফটে করে টাইলস নিয়ে ১৩ তলায় ওঠার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭৫৭ ঘ.
bdnews24