বগুড়া, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় একটি আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ, স্ত্রীর পরিচয়ে এক যুবকের সঙ্গে তিনি ওই হোটেলে উঠেছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে শহরের টেম্পল রোডের আমজাদিয়া আবাসিক হোটেল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে হোটেলে ওঠার সময় নিবন্ধন খাতায় ওই নারীর নাম লেখা হয়েছে শিউলি (২৪), তার সঙ্গীর নাম শাহরিয়ার (৩০)। ঠিকানা লেখা হয়- রংপুরের পীরগঞ্জ উপজেলার পাকুরিয়া।
হোটেলের ব্যবস্থাপক এনামুল হোসেন সাংবাদিকদের জানান, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেন। স্ত্রী শিউলির চিকিৎসার জন্য বগুড়ায় আসার কথা জানিয়েছিলেন শাহরিয়ার।
বিকাল ৪টায় বাইরে থেকে রুমে তালা দিয়ে শাহরিয়ার বেরিয়ে যান বলে হোটেলকর্মীরা জানায়। রাত ১১টা পর্যন্ত ফিরে না এলে খাতায় লেখা মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলে শাহরিয়ার জানায়, তিনি চিকিৎসকের চেম্বারে রয়েছেন।
এরপর কক্ষের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়া গেলে রাত ১টায় পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ কক্ষের তালা ভেঙে ভোররাতে শিউলির লাশ উদ্ধার করে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া জানান, হোটেলে কোনো এক সময় শিউলিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। তার গলায় দাগ রয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হোটেল থেকে পাওয়া শাহরিয়ারের মোবাইলে সাংবাদিকরা ফোন করলে অপরপ্রাপ্ত থেকে পুরুষকণ্ঠে জবাব আসে, "আমি শাহরিয়ার নই। আর এটা রংপুর না, নারায়ণগঞ্জের ফতুল্লা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24