বরিশাল, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়ায়চালিত মোটর সাইকেল চালকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে বরিশালের পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক ও শ্রমিকরা।
পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার তারা ঘটনাস্থলে গেলে বাস মালিক ও শ্রমিকরা পুলিশের গাড়িতে হামলা চালায়। এ সময় দুই পুলিশসহ অন্তত ছয় জন আহত হন।
অন্যদিকে বাস মালিক ও শ্রমিক পক্ষের অভিযোগ, পুলিশ ভাড়ায়চালিত মোটর সাইকেল চালকদের পক্ষ নিচ্ছে।
মহানগরীর বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে ভোলাসহ পাঁচটি রুটে বাসের পাশাপাশি ভাড়ায় চালিত মোটর সাইকেলেও যাত্রী পরিবহন করা হয়। কিন্তু চরকাউয়া বাস মালিক সমিতি ও শ্রমিক সমবায় সমিতি বেশ কিছুদিন ধরে ভাড়ায় চালিত মোটর সাইকেল চলাচলে বাধা দিচ্ছে। বাস মালিক-শ্রমিকদের দাবি, মোটর সাইকেলে যাত্রী পরিবহনের ফলে তারা ব্যবসায় মার খাচ্ছেন।
এই দ্বন্দ্বের জের ধরে শুক্রবার সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা বাকেরগঞ্জ উপজেলার সটিখোলা বেইলি ব্রিজের পাত তুলে ফেলে এবং কাটাদিয়া এলাকায় সড়কের ওপর গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে।
জবাবে বাস মালিক-শ্রমিকরা সদর উপজেলার চরকাউয়া দিনারের পোল এলাকায় অবস্থান নিয়ে মোটর সাইকেল চলাচল বন্ধ করে দেয় বলে এসআই মনিরুল জানান।
খবর পেয়ে পুলিশের একটি টহল দল দিনারের পোল এলাকায় যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ উভয়পক্ষকে নিয়ে আলোচনার বসার প্রস্তাব দেয়।
কিন্তু বাস মালিক ও শ্রমিকরা আলোচনায় বসতে রাজি না হয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে বলে অভিযোগ করেন মনিরুল।
তিনি বলেন, "এক পর্যায়ে তারা পুলিশের টহল গাড়ির ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাংচুর চালায়।"
এ সময় টহল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ ও পুলিশ কনস্টেবল মো. সগীর আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় একটি মামলা করা হবে বলে এসআই মনিরুল জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মো. শাহাদাত হোসেন বলেন, "ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকরা সড়কে গাছ ফেলে ও সেতুর পাত সরিয়ে নিয়ে বাস চলাচল বন্ধ করলেও পুলিশ তাদের কিছু বলেনি।"
শাহাদাত অভিযোগ করেন, "উল্টো মোটর সাইকেল চালকদের পক্ষ নিয়ে বাস মালিক-শ্রমিকদের ওপর হামলা করেছে পুলিশ। এতে বাস শ্রমিক সোহাগ, জামাল, জলিল ও জাকির আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
পুলিশের গাড়ি ভাংচুর ও হামলার অভিযোগ অস্বীকার করে শাহাদাত বলেন, পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য এবং নিজেদের দোষ ঢাকতে মিথ্যা কথা বলছে।
তিনি জানান, বাস মালিক-শ্রমিকদের ওপর পুলিশের হামলা ও ভাড়ায়চালিত মোটর সাইকেল চলাচল বন্ধ করতেই শুক্রবার বেলা ১১টার পর থেকে চরকাউয়া থেকে পাঁচ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
বন্দর থানার ওসি ফিরোজ আহম্মেদ বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে মো. সেন্টু (২৫) নামের এক বাস শ্রমিককে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭০০ ঘ.
bdnews24