২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানের ২৭ দিন সিএনজি স্টেশন ৬ ঘণ্টা বন্ধ

প্রথম থেকে ২৭ রোজা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো চার ঘণ্টার পরিবর্তে ছয় ঘণ্টা বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম থেকে ২৭ রোজা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো চার ঘণ্টার পরিবর্তে ছয় ঘণ্টা বন্ধ থাকবে। এ সময় সিএনজি স্টেশনগুলো বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ফলে এ সময় স্টেশনে সিএনজি সরবরাহ বন্ধ থাকে। রাজধানীর কারওয়ান বাজারে বৃহস্পতিবার বিকেলে পেট্রোবাংলা কার্যালয়ে স্টেশন মালিকদের সঙ্গে বৈঠকে সিএনজি স্টেশনে অতিরিক্ত দু'ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের আলোচনায় ঠিক হয়েছে যে, আরো অতিরিক্ত দুঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এটা পহেলা রোজা থেকে ২৭ রোজা পর্যন্ত কার্যকর হবে।" "এর ফলে যে গ্যাস সাশ্রয় হবে তা দিয়ে বাসা বাড়ি ও অন্যান্য কাজে সরবরাহ বাড়ানো হবে।" গত ১৩ জুলাই আসন্ন রমজান মাসে সারা দেশের সিএনজি স্টেশনগুলোতে অতিরিক্ত দুঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। বিদ্যুৎকেন্দ্র ও বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ বাড়াতে গত বছর ১৬ মার্চ থেকে সারা দেশে সিএনজি স্টেশনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। পরে এই সময় কমিয়ে বিকাল ৫টা থেকে রাত ৯টা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯৫৪ ঘ.