২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মফিজকে গ্রেপ্তার করে পুরস্কার পেলো ৬ পুলিশ

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনায় ৩৮ স্কুলছাত্রসহ ৪০ জনের মৃত্যুর জন্য 'দায়ী' ট্রাকচালক মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুরস্কার পেলো বরিশাল কাউনিয়া থানার ছয় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

বরিশাল, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনায় ৩৮ স্কুলছাত্রসহ ৪০ জনের মৃত্যুর জন্য 'দায়ী' ট্রাকচালক মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুরস্কার পেলো বরিশাল কাউনিয়া থানার ছয় পুলিশ। বৃহস্পতিবার মহানগর পুলিশ কমিশনার সৈয়দ তৌফিকউদ্দিন আহম্মেদ ব্যক্তিগতভাবে নগর অর্থ দেন ছয় জনকে। সরকার থেকেও তিনি পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। দুর্ঘটনার নয় দিন পর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলায় কাউনিয়া থানা এলাকার একটি বাড়ি থেকে মফিজকে গ্রেপ্তার করে এই ছয় পুলিশ সদস্য। পুরস্কৃত কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মফিজকে গ্রেপ্তার করতে অভিযানে থাকা ছয় পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার দিয়েছেন পুলিশ কমিশনার।" অভিযানে হেমায়েল ছাড়াও আরো ছিলেন সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. মনিরুল ইসলাম ও চার কনস্টেবল। হেমায়েল আড়াই হাজার, মনিরুল দুই হাজার এবং চার কনস্টেবল ১ হাজার টাকা করে পুলিশ কমিশনারের পুরস্কার পেয়েছেন। এছাড়া সরকারিভাবে প্রত্যেককে ১ হাজার টাকা করে পাচ্ছেন। গত ১১ জুলাইয়ের ওই দুর্ঘটনায় মফিজকে (৪৫) আসামি করে একটি মামলা হয়। মফিজের বাড়ি মিরসরাই উপজেলার মধ্যম মায়ানি ইউনিয়নের মোক্তারপাড়ায়। দুর্ঘটনার পরপরই গাঢাকা দেয় মফিজ। ওইদিন মিরসরাই স্টেডিয়াম থেকে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের' খেলা দেখে ফেরার সময় সৈদালী গ্রামে ট্রাকটি সড়কের পাশের ডোবায় উল্টে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৫৭ ঘ.