২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেষ্ঠ ছবি মনপুরা

২০০৯ সালের শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছে গিয়াসউদ্দিন সেলিমের 'মনপুরা'। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী ও ফেরদৌস এবং অভিনেত্রী সাদেকা পারভীন পপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 06:04 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সালের শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছে গিয়াসউদ্দিন সেলিমের 'মনপুরা'। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী ও ফেরদৌস এবং অভিনেত্রী সাদেকা পারভীন পপি। তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন। ২০০৯ সালের জন্য ২৬ ক্যাটাগরিতে ২৮ জনকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন। পুরস্কারের জন্য মনোনীতরা একটি রেপ্লিকা, পদক, সনদপত্র ও নগদ অর্থ পাবেন। আজীবন সম্মাননার নগদ এক লাখ, শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ১০ হাজার এবং অন্য ক্যাটাগরির জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী। ২০০৯ সালে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী সুলতানা জামান। 'মনপুরা'র চিত্রনাট্য লিখে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হয়েছেন গিয়াসউদ্দিন সেলিম। মনপুরায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন চঞ্চল। একই ছবির খলনায়ক মামুনুর রশীদও পেয়েছেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। এ ছবি প্রযোজনার জন্য প্রযোজক হিসেবে পুরস্কার পাচ্ছেন অঞ্জন চৌধুরী পিন্টু। এ চলচ্চিত্রে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কারও যৌথভাবে পাচ্ছেন কৃষ্ণকলি ও চন্দনা মজুমদার। শ্রেষ্ঠ পরিচালক (নির্মাতা) হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড তার 'গঙ্গাযাত্রা' চলচ্চিত্রের জন্য। তিনি একইসঙ্গে শ্রেষ্ঠ কাহিনীকারও হয়েছেন। গঙ্গাযাত্রা চলচ্চিত্রে অভিনয় করে ফেরদৌস চঞ্চলের পাশাপাশি সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন। এ চলচ্চিত্রে অভিনয় করেই সেরা অভিনেত্রী হয়েছেন পপি। শ্রেষ্ঠ গায়কের পুরস্কারটি পাচ্ছেন কুমার বিশ্বজিত। স্বামী-স্ত্রীর ওয়াদা ছবিতে গান গেয়ে তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হন। একই ছবিতে গানের সুর করার জন্যও তিনি পাচ্ছেন শ্রেষ্ঠ সুরকারের পুরস্কারও। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হয়েছে আলম খান। আমার প্রাণের প্রিয়া ছবিতে নৃত্য পরিচালনার জন্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন তানজিল। বৃত্তের বাইরে ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছেন শহীদুল ইসলাম সাচ্চু। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন চাঁদের মতো বউ'র নিপুন। কৌতুক চরিত্রে 'মন বসে না পড়ার টেবিলে' ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান। শিশুশিল্প হিসেবে শ্রেষ্ঠ হয়েছে গঙ্গাযাত্রা'র সৈয়দা অহিদা সাবরীনা। এ শাখায় বিশেষ পুরস্কার পেয়েছে প্রিয়তমেষু চলচ্চিত্রের পল্টু চরিত্রের অভিনেতা জারকান। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হয়েছেন চাঁদের মতো বউ'র মুজতবা সউদ। শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন 'স্বামী-স্ত্রীর ওয়াদা'র কবির বকুল। বৃত্তের বাইরে ছবির জন্য আরো তিনটি শাখায় তিন জন শ্রেষ্ঠ হয়েছেন। এরা হলেন- শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, শ্রেষ্ঠ শব্দগ্রাহক সুজন মাহমুদ ও শ্রেষ্ঠ সম্পাদক জুনায়েদ হালিম। গঙ্গাযাত্রা ছবির জন্য আরো তিনটি শাখায় তিন জন শ্রেষ্ঠ হয়েছেন। এরা হলেন- শ্রেষ্ঠ শিল্প নির্দেশক মো. কলমতর, শ্রেষ্ঠ মেকাপম্যান খলিলুর রহমান এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জার জন্য দিলীপ সিং। মনোনীতদের নাম ঘোষণা করে আবুল কালাম আজাদ বলেন, গত কয়েক বছর দেশে ভালো ও সুস্থ ধারার ছবি তৈরী হয়নি। ফলে অনেক ছবিই এখন এ ধরনের পুরস্কারের জন্য আবেদনও করেন না। যারা আবেদন করেছেন, তাদের মধ্যে থেকেই জুরি বোর্ড ২৬টি ক্যাটাগরিতে ২৮ জনকে মনোনীত করেছেন। এক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি। তিনি চিত্রনির্মাতাদের সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ছবির জন্য সরকার অনুদান দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৫০ ঘ.