বান্দরবান, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট'র (ইউপিডিএফ) ডাকে বুধবার বান্দরবানে ঢিলেঢালাভাবে অবরোধ পালিত হয়েছে।
দূরপাল্লার যানবাহন চলেনি। তবে অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন ও নৌযান চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে অবরোধ চলাকালে বান্দরবান-কেরানীহাট সড়কের তালুকদার পাড়ায় টেকনিকেল ট্রেনিং সেন্টারের (টিটিসি) সামনে থেকে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) দুই কর্মীকে করেছে পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় যানবহান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে পুলিশ একটি মামলা করেছে বলে পুলিশ জানিয়েছে।
বান্দরবান সদর থানার ডিউটি অফিসার (অপারেটর) মহিউদ্দিন জানিয়েছেন, যানবাহন চলাচলে বাধা দেওয়ায় হ্লাচিং মারমা ও অংক্রাথুই মারমা নামে ইউপিডিএফ সমর্থিত দুই ছাত্রকে আটক করা হয়েছে।
ইউপিডিএফ বান্দরবান জেলা আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা দাবি করেন, আটক দু'জনই টিটিসির ৯ম শ্রেণীর ছাত্র। সকালে টিটিসির হোস্টেল থেকে বের হয়ে নাস্তা করার সময় তাদের আটক করা হয়।
জাতিসত্ত্বার সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদে পাহাড়িদের সংগঠন ইউপিডিএফ তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ ডাকে।
এরমধ্যে সকাল থেকে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় লাগাতার ৩৬ ঘণ্টা এবং বান্দরবান জেলায় ১২ ঘণ্টা এ কর্মসূচি ডাকা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৬ ঘ.
bdnews24