২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট দু'টি হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

সিলেটে দু'টি হত্যা মামলায় বাবা ও ছেলেসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

সিলেট, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটে দু'টি হত্যা মামলায় বাবা ও ছেলেসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজির আহমদ এ দু'টি রায় দেন। একটি মামলায় দণ্ডিত হলেন জৈন্তাপুর উপজেলার বাইরাখেল গ্রামের হাবিবুর রহমান, তার ছেলে মঞ্জুর ইসলাম এবং জুনাব আলীর ছেলে আতাউর রহমান। অপর মামলায় দণ্ডিতরা হলেন গোয়াইনঘাট উপজেলার বাউরভাগ হাওর গ্রামের বাদশাহ মিয়া, আবদুস শুকুর ও কৈতরি বেগম। দণ্ডিতদের মধ্যে কৈতরি বেগম পলাতক রয়েছেন। বাকিরা সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সামসুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর হামলায় নিহত হন জৈন্তাপুরের উজানীনগর গ্রামের আবদুল মতলিব (৭০)। এ ঘটনায় নিহতের ছেলে আবদুস সামাদ জৈন্তাপুর থানায় হাবিবুর, মঞ্জুর, ও আতাউরকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার রায়ে দণ্ডিতদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অফর মামলার নথি থেকে এপিপি জানান, ২০০৩ সালের ১৬ মে গরুর ধান খাওয়া নিয়ে বিবাদের জেরে হামলায় নিহত হন গোয়াইনঘাটের বাউরভাগ হাওর গ্রামের কৃষক আবদুল হাসিম। এ ঘটনায় তার ভাই আবদুর রাজ্জাক গোয়াইনঘাট থানায় বাদশাহ, শুকুর ও কৈতরিকে আসামি করে মামলা করেন। ওই মামলার রায়ে আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাভোগ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫৭ ঘ.