২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির উপদেষ্টা কমিটি গঠনে মনজুরকে তাগিদ

চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সিটি কর্পোরেশনের উপদেষ্টা কমিটি গঠনের তাগিদ দিয়েছেন রাজনীতিবিদ ও পেশাজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সিটি কর্পোরেশনের উপদেষ্টা কমিটি গঠনের তাগিদ দিয়েছেন রাজনীতিবিদ ও পেশাজীবীরা। বুধবার দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে 'চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) মেয়র ও কাউন্সিলরদের এক বছর পূর্তি উপলক্ষে' আয়োজিত সুধী সমাবেশে এ তাগিদ দেওয়া হয়। গত বছর দায়িত্ব গ্রহণের পর মেয়র মনজুর আলম সিসিসি'র কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবমহলের প্রতিনিধিদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠনের ঘোষণা দিলেও এখনো তা হয়নি। সুধি সমাবেশে নগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী মেয়রকে উদ্দেশ্য করে বলেন, "জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরণের আয়োজন ভালো। তবে এ আয়োজনের মাধ্যমে আপনি সাধারণ মানুষের মনের কথা জানতে পারেবন না।" কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইটে উন্নয়নে গৃহীত সবপ্রকল্প ও কার্যক্রম নিয়মিত দিয়ে নগরবাসীর সমস্যা, দাবি, পরামর্শ ও মতামত গ্রহণের পরামর্শও দেন তিনি। আইইবি চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৌশলী মো হারুন, আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহবুব উল্লাহসহ অন্যান্য বক্তারাও উপদেষ্টা কমিটি গঠন করে নগরীর উন্নয়ন কার্যক্রমে গতি আনার দাবি জানান। সিসিসি আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত থাকলেও চট্টগ্রামের সাবেক তিন মেয়রের কেউ উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানের শুরুতে গত এক বছরে সিসিসি গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সিসিসি'র সচিব সামসুদ্দোহা গত এক বছরে বর্তমান মেয়রের অধীনে ২২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানান। এর মধ্যে সরকারি বরাদ্দের ১০০ কোটি টাকা ও সিসিসি'র নিজস্ব তহবিল থেকে ১২৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। সিটি মেয়র তার বক্তব্যে বলেন, দল মতের উর্ধ্বে উঠে উন্নয়নের যে প্রতিশ্র"তি দিয়েছিলাম সে লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি। সিসিসি'র অধীনে সেবার পরিধি বাড়াতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত সিসিসি নির্বাচনে বিএনপি সমর্থিত 'চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনে'র প্রার্থী মনজুর আলম গত তিনবারের নির্বাচিত মেয়র নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন। গত বছরের ১৮ জুলাই শপথ গ্রহণের পর ২০ জুলাই দায়িত্ব নেন মনজুর আলম। অনুষ্ঠানে নগরীর উন্নয়ন বিষয়ে মতামত দেন চট্টগ্রাম-৮ আসনের সরকারদলীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সিপিবি'র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, আইইবি চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, আলী আশরাফ, বাঁশখালীর সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির সাবেক সাংসদ মাজহারুল হক শাহ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক মুস্তাফা নঈম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৮০২ ঘ.