২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনীকে তলব হাইকোর্টে

সংবিধান নিয়ে কটূক্তি করায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে তলব করেছেন হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 09:07 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান নিয়ে কটূক্তি করায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে তলব করেছেন হাইকোর্ট। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের একটি রিট আবেদনে বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোটের শরিক দলটির নেতা আমিনীকে ২৭ জুলাই সকাল সাড়ে ১০টায় তার মন্তব্যের ব্যাখ্যা নিয়ে আদালতে উপস্থিত হতে হবে। পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে- বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের পরদিনই হাইকোর্টের এ আদেশ এলো। সংবিধানে যোগ হওয়া ৭ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা নষ্ট করার প্রক্রিয়া চালালে বা সমর্থন করলে তা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে। আমিনীর বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ১৪ জুলাই লালবাগে এক আলোচনা সভায় তিনি বলেন, সংশোধিত সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া নয়, একে ডাস্টবিনে ফেলতে হবে। এর আগের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, তার দল ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী ছুড়ে ফেলা হবে। এরপরই মিত্র দলের নেতা আমিনীর ওই মন্তব্য আসে। আমিনীর বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ নেওয়া যায়, তা পর্যালোচনা করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া আমিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫০০ ঘ.