২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় ন্যায্যমূল্যের দোকান খুলবে চট্টগ্রাম চেম্বার

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সংশ্লিষ্ট সব মহলের প্রতিনিধিদের সুপারিশের ভিত্তিতে একটি কর্ম কৌশল (অ্যাকশান প্ল্যান) তৈরি করবে চট্টগ্রাম চেম্বার। এর আওতায় চেম্বারের পক্ষ থেকে ন্যায্যমূল্যের দোকান খোলা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 08:58 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সংশ্লিষ্ট সব মহলের প্রতিনিধিদের সুপারিশের ভিত্তিতে একটি কর্ম কৌশল (অ্যাকশান প্ল্যান) তৈরি করবে চট্টগ্রাম চেম্বার। এর আওতায় চেম্বারের পক্ষ থেকে ন্যায্যমূল্যের দোকান খোলা হবে। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম এ ঘোষণা দেন। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ী, সুশীল সমাজ, ভোক্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার। সভায় মোরশেদ মুরাদ বলেন, রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে একটি 'অ্যাকশান প্ল্যান' তৈরি করা হবে। সে অনুযায়ী চেম্বারের পক্ষ থেকে বাজার তদারক কমিটি গঠন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, বড় ব্যবসায়ীদের কমমূূল্যে পণ্য বিক্রিতে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হবে। আমদানিকারক ও ব্যবসায়ীদের আমদানি খরচের ওপর ১ থেকে ২ টাকা লাভে পণ্য বিক্রির আহবান জানান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম। ব্যবসায়ীদের সততার অভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি পায় উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম রানু সারা বছরই ব্যবসায়ীদের সংযমী হওয়ার আহ্বান জানান। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এস এম নাজের হোসাইন খুচরা বাজারে দাম বাড়ার জন্য পাইকারী ব্যবসায়ীদের দায়ী করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দাম বাড়ানো হয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার প্রভার খুচরা বাজারে পড়ে না। সভায় ব্যবসায়ীরা বলেন, রমজানের আগে মূল্য নিয়ন্ত্রণ করতে বললেও আমদানি খরচ বেশি হলে তা কমানো সম্ভব নয়। এ কারণে রোজা শুরুর অন্তত চার মাস আগে সভা করে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি শফিউর রহমান বলেন, হঠাৎ করে দ্রব্যমূল্য কমিয়ে আনা সম্ভব না। এ জন্য সরকারকে আগে থেকেই পদক্ষেপ নিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/জেকে/০২৫৬ ঘ.