গাজীপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ১৪ বছর পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার এ নির্বাচনে জয়লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত সানোয়ার হোসেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী ফলাফল ঘোষণা করেন।
মো. শওকত আলী জানান, শ্রীফলতলী ও মৌচাক ইউনিয়নের সীমানা নির্ধারণী মামলা থাকায় দীর্ঘ ১৪ বছর ধরে নির্বাচন স্থগিত থাকে এখানে।
গত ২৪ জুন শুধু শ্রীফলতলী ইউনিয়নের মামলাটি বাদী প্রত্যাহার করে নিলে নির্বাচনের পথ উন্মুক্ত হয়।
কিন্তু মৌচাক ইউনিয়নের সীমানা সংক্রান্ত মামলাটি চালু থাকায় সেখানে নির্বাচন করা যাচ্ছে না।
এর আগে গত ১৬ জুন কালিয়াকৈর উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২২ ঘ.
bdnews24