২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের সময় সরকারে নিয়ন্ত্রণ চায় ইসি

অন্তর্র্বতী সরকারের সময় তিন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে পরামর্শ করে কাজ করার বাধ্যবাধকতা চায় ইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্তর্র্বতী সরকারের সময় তিন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে পরামর্শ করে কাজ করার বাধ্যবাধকতা চায় ইসি। মন্ত্রণালয়গুলো হলো- স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়। গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) এরকম বিধান যুক্ত করার প্রস্তাব হচ্ছে বলে মঙ্গলবার সাংবদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে প্রচারণা সময়ে প্রতি সপ্তাহে একবার করে নির্বাচনী ব্যয়ের হিসাব তদারকিতে তদারকি দল নিয়োগের বিধানও যুক্ত হচ্ছে। সংবিধানের পঞ্চদশ সংবিধান সংশোধনীতে তত্ত্বাবধায়ক বিলোপ করে সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে অন্তবর্তী সরকারের অধীনে নির্বাচন করার বিধান যুক্ত করার পরই এ ধরনের উদ্যোগ নিলো ইসি। এম সাখাওয়াত হোসেন বলেন, "নির্বাচনের সময় যে ধরনের সরকারই থাকুক না কেন- তিনটি মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ নির্বাচন কমিশনের পরামর্শ ছাড়া কাজ করবে না। এ বিষয়টি আরপিওতে যুক্ত করার প্রস্তাব করছি আমরা।" এই নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৪(ই) অনুচ্ছেদে সংশোধনী এনে আলাদা উপদফা যুক্ত করা হবে। এই অনুচ্ছেদে নির্বাচনী কর্মকর্তাদের রদবদলের কথা বলা হয়েছে। গত ৭ জুন থেকে নির্বাচনী আইনে সংস্কারসহ পাঁচটি বিষয়ে গণমাধ্যম, সুশীল সমাজের প্রতিনিধি ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নেয় ইসি। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি ছাড়া ইতোমধ্যে অধিকাংশ দলের মতামত নেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল সংবিধান সংশোধনে বিশেষ কমিটির কাছে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে ইসির পরামর্শ নেওয়ার বিধান সংবিধানে যুক্ত করার জন্য লিখিত আবেদন করলেও ওই প্রস্তাব রাখেনি কমিটি। ওই সময় সংবিধানে ৫৮ অনুচ্ছেদের ঘ (১) ধারার সঙ্গে 'তবে (তত্ত্বাবধায়ক সরকার) নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শক্রমে সম্পাদন করবেন'- বাক্যটি যুক্ত করার সুপারিশ করে ইসি। পরে ২২ মে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত জানান, ইসিকে শক্তিশালী করতে হলে [লিখিত প্রস্তাবের বাইরে] তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র, জন প্রশাসন, স্থানীয় সরকার ও অর্থ মন্ত্রণালয়কে ইসির পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। আর এটা নিশ্চিত করতে হবে আইন করে। গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা হয়। ইসির তিনটি প্রস্তাবের একটি প্রস্তাব সংবিধান সংশোধনীতে রাখা হয়। নির্বাচনের সময় নির্বাচন সংক্রান্ত বিষয়ে আদালত ইসির পরামর্শ শুনবে- এমন বিধান রাখা হয়। প্রতি সপ্তাহে ব্যয় তদারকি নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, নির্বাচনী আইন-বিধি কঠোর করা হলেও নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে দলগুলো ইসির কাছে অভিযোগ করছে। "প্রচারণার সময় প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর নির্বাচনী ব্যয় মনিটরিংয়ের ব্যবস্থা করতে চাই আমরা। এজন্য আরপিওতে মনিটিরং টিম নিয়োগের বিধান যুক্ত করার প্রস্তাব করা হচ্ছে" এই নির্বাচন কমিশনার জানান, প্রতিটি সংসদীয় এলাকায় বা দুইটি সংসদীয় এলাকায় বা অন্য কোনো ভাবে ব্যয় তদারকি দল নিয়োগ করার সুযোগ থাকবে। এসব কর্মকর্তা পুরো নির্বাচনী প্রচারণার সময় অন্তত তিনবার ব্যয় সত্যতা যাচাই করতে পারবে। অভিযোগ এলেই তা মাঠপর্যায়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী ব্যয় ১৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করাসহ নির্বাচনী আইনে অন্তত ২৫টি সংশোধনী আনার প্রস্তাব রয়েছে। নতুন দুটি প্রস্তাব নিয়ে সবার মতামত না পেলেও প্রধান দুই দলের কাছে এ সুপারিশ লিখিত আকারের পাঠানোর জন্য ইসি সচিবকে বলা হয়েছে। সবার মতামত শেষে প্রস্তাবিত আইন-বিধি প্রণয়ন ও সংস্কার বিষয়ে সরকারের কাছে প্রস্তাব রাখবে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৩৫ ঘ.