২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতঙ্ক আর আস্থাহীনতাই 'ঘাতক'

আমিনবাজারের বরদেশী, চাঁনপুর ও ছালেপুর গ্রামে মঙ্গলবার জনে জনে আলোচনা চলে- গণপিটুনিতে নিহতরা সত্যিই ডাকাত ছিলো কিনা। নাকি শুধুই সন্দেহের বলি হলো ছয়টি প্রাণ। ঘটনাস্থল ঘুরে এসে জানাচ্ছেন কামাল হোসেন তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারের বরদেশী গ্রামের দক্ষিণ-পূর্ব পাশে কেবলার চর। চাঁনপুর ও ছালেপুরের অবস্থান তারও পশ্চিমে। মাঝখানের এই চরে ওই তিন গ্রামের মানুষের যাতায়াত নেই খুব একটা। কেবলার চরেই রোববার গভীর রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত হয় ছয় ছাত্র। বেঁচে যান আল-আমিন নামের এক যুবক। শবে বরাতের রাতে ওই ঘটনা নিয়ে সারা দেশের মতো ওই তিন গ্রামেও জনে জনে আলোচনা চলে- সত্যিই তারা ডাকাত ছিলো? নাকি তারা সন্দেহের নির্মম বলি? তারুণ্যের নিয়ম ভাঙার নেশাই কি ছয় ছাত্রের মৃত্যুর কারণ? নাকি আইনের প্রতি নাগরিকের আস্থার অভাবও কাজ করেছে এর পেছনে। বরদেশী গ্রামের চল্লিশোর্ধ্ব সৈয়দ মুরাদ হায়দারের বিশ্বাস- ওই ছয় জন সত্যিই ডাকাত ছিলো। "বেঁচে যাওয়া আল-আমিন বলছে, তারা রিকশায় আসার পর পায়ে হেঁটে কেবলার চরে গিয়েছে। কিন্তু আমি তার কথা বিশ্বাস করি না। তারা ইঞ্জিনচালিত নৌকায় করে এখানে এসেছিলো। জনতার ধাওয়া খেয়ে নৌকায় চড়ে অনেকে চলে গেলেও ওই সাতজন যেতে পারেনি।" তবে তারা ওই চরে কি করছিল- তার স্পষ্ট কোনো ব্যাখ্যা মুরাদের কাছে নেই। তিনি জানান, গ্রামের মানুষ মাসখানেক ধরে ডাকাত আতঙ্কে ছিলো। ডাকাতদলের অত্যাচার থেকে নিস্তার পাওয়ার জন্য কমিউনিটি পুলিশ গঠন করতে পুলিশ সুপারের সঙ্গে কথাও হয়েছে। "সত্যি বলতে কি, ওই অবস্থায় আমি নিজেও যদি ওই ছয়জনের সঙ্গে থাকতাম, তাহলে আমাকেও একই ভাগ্য বরণ করতে হতো।" এলাকার স্কুল শিক্ষক আলাউদ্দিন ওই ঘটনার জন্য মর্মাহত, ব্যাথিত। এভাবে ছয় তরুণের মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। আলাউদ্দিন বলেন, "অপরাধপ্রবণ এলাকা হওয়ায় এখানে কে ভালো, আর কে মন্দ তা বোঝার কোনো উপায় নেই।" এমন নির্দয় ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে তা জানতে চাইলে তিনি বলেন, "শহরের প্রবেশ পথে আমরা বাস করি। প্রবেশ পথ হওয়ায় এখানে মাদকের রমরমা ব্যবসা চলে। যুবক বয়সী অনেকেই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। বলা যায়, শ্বাসরুদ্ধকর এক পরিবেশে আমারা বাস করি।" ওই ছাত্ররা আদৌ ডাকাত কি না- সে প্রশ্ন ঘটনার সময় স্থানীয়দের মাথাতেই আসেনি বলে মনে করেন এই শিক্ষক। স্থানীয় বাসিন্দা আমান বলেন, শবে বরাতের রাত হওয়ায় বড়দেশীর পশ্চিম পাড়ার কবরস্থানে ওইদিন বাইশ গ্রামের লোক ছিলো। তাই 'ডাকাত ধরার' খবরে জনতার ঢল নামে। "আমার ভাইও যদি ওই সময় জনতার রোষানলে পড়তো- আমি তাকে বাঁচাতে পারতাম না।" স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, পাঁচ/ছয় বছর আগে কেবলা নামের এক ব্যক্তিকে মেরে পুঁতে রাখা হয় এই চরে। সেই থেকে চরটির নাম কেবলার চর। এলাকাবাসী যখন ওই চরে ছয় তরুণকে পেটাচ্ছিল, তখন ঘটনাস্থলেই ছিলেন মধ্য বয়সী সফিউল আজম। "ওই রাতের পরিস্থিতি এতোটা ভয়ঙ্কর ছিল যে কিছু করার উপায় ছিল না। আমি শুধু একবার বললাম- জানে মাইরেন না। সঙ্গে সঙ্গে সবাই আমার দিকে তেড়ে আসল। তখন আমি ভয়ে চুপ হয়ে যাই।" স্থানীয় কলেজ শিক্ষার্থী আব্দুল জব্বারের মতে, তারুণ্যের খামখেয়ালিতেই মৃত্যু হয়েছে ওই ছয় জনের। "ভাই, শুনছি তারা ডাকাত না, ছাত্র। যদি তাই হয়, তাইলে হয়তো হাঁটতে হাঁটতে না বুইঝাই তারা কেবলা চরে আইসা পড়ছিলো।" অবশ্য গ্রামবাসীর মধ্যে কেউ কেউ মনে করেন, বার বার ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দারা আর আইনের প্রতি আস্থা রাখতে পারছেন না। পুলিশের কাছে তারা কখনোই প্রতিকার পাননি। বরং নিজেদের ব্যবস্থা নিজেরাই করার পরামর্শ পেয়েছেন। রাজধানী ও আশপাশের এলাকায় গত দেড় বছরে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এম এ খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনের প্রতি অনাস্থার কারণেই বারবার এ ধরনের ঘটনা ঘটছে। সোমবারের ঘটনাটি খুবই দুঃখজনক। এ থেকে মুক্তির ব্যবস্থা শুধু রাষ্ট্রই করতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/জেকে/২১১৬ ঘ.

এ সম্পর্কিত আরো খবর