নারায়ণগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ২৭টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। এ ছাড়া ৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডও নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সামছুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ার্ডের এই তালিকা প্রকাশ করা হয়।
নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসূল পৌর এলাকা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ওয়ার্ড বিভক্তিকরণ এবং সীমানা নির্ধারণ বিষয়ে কারো কোনো আপত্তি বা পরামর্শ থাকলে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তা লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে দাখিল করারও অনুরোধ জানানো হয়।
বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডকে সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর এবং ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডকে সংরক্ষিত মহিলা ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডকে ১০ থেকে ১৮নম্বর এবং সংরক্ষিত ৩টি মহিলা ওয়ার্ডকে ৪ থেকে ৬ নম্বর ওয়ার্ড করা হয়।
কদম রসুল পৌরসভার ৯টি ওয়ার্ডকে ১৯ থেকে ২৭ নম্বর এবং ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে ৭ থেকে ৯ নম্বর ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়।
গত ৫ মে নারায়ণগঞ্জ, কদম রসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়। ২৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শাহ কামালকে অতিক্তি দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২৬ জুন তিনি দায়িত্ব গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.
bdnews24