২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সংলাপে না এলে আর সুযোগ নেই: সিইসি

বিএনপি বুধবার নির্ধারিত সংলাপে না এলে নতুন করে আর উদ্যোগ না নেওয়ার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি বুধবার নির্ধারিত সংলাপে না এলে নতুন করে আর উদ্যোগ না নেওয়ার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি'র সঙ্গে সংলাপ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শাসুল হুদা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "বিএনপিকে তো তিনবার আমন্ত্রণ দিলাম। এখনো আমরা আশাবাদী। কিন্তু বুধবার না এলে আর সুযোগ নেই। স্বল্প সময়ে আর সুযোগ কোথায়?" মঙ্গলবার পর্যন্ত দলটির পক্ষ থেকে সংলাপে যোগ দেওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি ইসিকে। সিইসি বলেন, বিরোধী দলের জন্যই সবচেয়ে বেশি অপেক্ষা করেছে ইসি। তিন দফা আমন্ত্রণও জানানো হয়েছে। নির্বাচনী আইন সংস্কারসহ নানা বিষয়ে নিবন্ধিত দলগুলোর মতামত নেওয়া একেবারে শেষ পর্যায়ে। "গণমাধ্যম, সুশীল সমাজের প্রতিনিধি ও দলগুলোর মতামত পর্যালোচনা করে দেখতে হবে আমাদের। সময়ও রয়েছে স্বল্প। এ অবস্থায় আর নতুন করে কিছু করা যাবে না।" সবার মতামত সুপারিশ আকারে চূড়ান্ত করে সরকারের পেশ করা হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে অগাস্টের প্রথম সপ্তাহে ইসির সংলাপ হবে বলে জানান সিইসি। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সঙ্গে সংলাপসূচি থাকলেও মন্ত্রিসভা বৈঠকের কারণে নতুন সূচি চেয়ে আবেদন করা হয়। গত ৭ জুন থেকে ইসি'র সংলাপ শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, ইসি প্রস্তাবিত নিয়োগ পদ্ধতি, সীমানা পুনর্ধিারণ আইন ও বিধি, জনতহবিল আইন ও নির্বাচনী আইনে আরো সংস্কার বিষয়ে এ সংলাপ হচ্ছে। একতরফা নিয়োগে বিতর্কের সৃষ্টি হয়: সিইসি বিকালে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে নির্ধারিত সংলাপে সিইসি জানান, নির্বাচন কমিশনে যোগ্য লোক নিয়োগ ও বিতর্ক এড়াতে নিয়োগ পদ্ধতির জন্য আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, "অতীতে সরকার এক তরফাভাবে নিয়োগ দিয়েছে। তাতে বিরোধী পক্ষ থেকে বিতর্ত উঠে। ভালো লোক নিয়োগের পরও তাদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।" ইসি প্রস্তাবিত নিয়োগ পদ্ধতি, সীমানা পুনর্ধিারণ আইন ও বিধি, জনতহবিল আইন ও নির্বাচনী আইনে আরো সংস্কারের পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি। তবে দলটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার পর্যায়ক্রমে শুরুর পক্ষে। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান অধ্যাপক এম এ মতিন বলেন, "আধুনিক প্রযুক্তিতে নির্বাচনের পক্ষে আমরা। তবে স্থানীয় নির্বাচনে পরীক্ষামূলক ব্যবহারের পরই জাতীয় নির্বাচনে যাওয়ার পক্ষে আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৫৩ ঘ.