ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট আমলের হরতালকেন্দ্রিক তিন মামলা থেকে ক্ষমতাসীন দলের এক প্রতিমন্ত্রীসহ তিন সাংসদকে অব্যাহতি দিয়েছে আদালত।
এরা হলেন- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মির্জা আজম ও সাংসদ নুরুন্নবী শাওন।
একইসঙ্গে যুবলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
গত জোট সরকারের আমলে বিভিন্ন হরতালে গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাংচুর ও পুলিশের কর্তব্যে বাধা দেওয়ার পৃথক তিন মামলায় মঙ্গলবার তাদের অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান এবং মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান।
অব্যাহতিপ্রাপ্ত অন্য নেতারা হলেন, মহানগর আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. নজীবউল্লাহ হিরু, যুবলীগের মহানগর উত্তরের সভাপতি আবুল বাশার, মহানগর দক্ষিণের সভাপতি মহিউদ্দিন মহি, উত্তরের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল।
২০০৪, ২০০৬ এবং ২০০৭ সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ আহূত বিভিন্ন হরতালের সময় এই তিনটি মামলা রাজধানীর কোতয়ালী ও পল্টন থানায় দায়ের করা হয়েছিলো।
নানক, আজম, সাঈদ খোকনের প্ররোচনায় মামলার অন্য আসামি সাখাওয়াত হোসেন টিপু, ইকবাল হোসেন, বিপ্লব হোসেন ২০০৪ সালের ৫ জুন বিকেলে রাজধানীর নর্থ সাউথ রোডে একটি ট্যাক্সিক্যাবে আগুন দেওয়ার চেষ্টা করে বলে একটি মামলার এজাহারে বলা হয়। ওইদিন কোতয়ালী থানায় মামলাটি করেন ট্যাক্সিক্যাবচালক মো. মাহাবুবুর রহমান। এ মামলাটিতে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান তাদের অব্যাহতি দেন। এ মামলায় ২০০৭ সালের ২৮ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়।
২০০৬ সালের ১২ জুন পল্টন থানার বিজয়নগর এলাকার নাইটিঙ্গেল মোড়ে গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় নানক, মির্জা আজম, নূরুন্নবী শাওনসহ ১৪ যুবলীগ কর্মীকে অব্যাহতি দেন হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান।
এ মামলায় অন্য অব্যাহতিপ্রাপ্তরা হলেন- অ্যাডভোকেট কাজী মো. নজীবউল্লাহ হিরু, আবুল বাসার, মহিউদ্দন মহি, মইনুল হোসেন খান নিখিল, শফিকুল ইসলাম, মুনসুর রহমান ভুট্টু, খায়রুল ইসলাম, ওমর ফারুক, মো. ফয়সাল, বাবু ও মো. খোকন।
একই আদালত অরেকটি ভাংচুরের মামলায় নানক, মির্জা আজম ও মহিউদ্দিন মহিকে অব্যাহতি দেন।
মামলার নথিসূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮০০ ঘ.
bdnews24