ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪ হাজার ৯৩৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করে উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সাইফুল হাসান চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যায় ৪ হাজার ৯৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।
এর আগে দিনে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন হয়েছিলো গত ১৩ জুন ৪ হাজার ৮৯০ মেগাওয়াট।
সাইফুল জানান, সোমবার দেশে বিদ্যুতের চাহিদা ছিলো ৫ হাজার ১০০ মেগাওয়াট। মঙ্গলবার রয়েছে ৫ হাজার ২০০ মেগাওয়াট।
চাহিদার সঙ্গে উৎপাদনের ফারাক থাকায় লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে।
তবে চাহিদা ও উৎপাদনের ফারাক কমে আসছে বলে জানালেন বিদ্যুৎ বোর্ডের জনসংযোগ কর্মকর্তা।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর এ পর্যন্ত ১ হাজার ৯২২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এ বছর নাগাদ আরো ১ হাজার মেগাওয়াট যোগ হবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫৫০ ঘ.
bdnews24