২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

নীলফামারী-সৈয়দপুর সড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন মারা গেছে। আহত হয়েছে কমপক্ষে ১১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 07:04 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

নীলফামারী, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী-সৈয়দপুর সড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন মারা গেছে। আহত হয়েছে কমপক্ষে ১১ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢেলাপীর এলাকায় এ দুর্ঘটনার পর দুই ঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে বলে পুলিশ জানিয়েছে। নীলফামারী সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-পঞ্চগড় রুটের বিকে এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে নীলফামারী-সৈয়দপুর রুটের মেহেরুন এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় বিকে এন্টারপ্রাইজের চালক ও দুই হেলপার। নিহতদের একজন হলেন সৈয়দপুর নয়াবাজারের মোস্তফার ছেলে বিকে এন্টারপ্রাইজের হেলপার সুমন(১৪)। নিহত চালক ও অন্য হেলপারের নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর দুটি বাস সড়কে পড়ে থাকলে গাড়ি চলাচল আটকে যায়। দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নেওয়া হলে বেলা সাড়ে ১১টায় গাড়ি চলাচল পুনরায় শুরু হয় বলে ওসি জানান। আহতদের সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৩০০ ঘ.