২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করবে'

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন হলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন হলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। সোমবার বিকালে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "ভারত থেকে মংলা বন্দর দিয়ে কয়লা এনে বাগেরহাটের রামপালে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প নিয়েছে সরকার। সুন্দরবনের পাশে এই প্রকল্প হলে তা পরিবেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। কারণ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে যে কার্বন নিঃসরণ হবে তাতে সুন্দরবনই ক্ষতিগ্রস্ত হবে। আমরা এরকম প্রকল্পে উদ্বিগ্ন।" ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সম্মেলন কক্ষে ন্যাশনাল ইয়ুথ ফোরামের উদ্যোগে 'সুন্দরবন ভোট ক্যাম্পেইন'-এর উদ্বোধন উপলক্ষে এই আলোচনা সভা হয়। রামপালে ভারতের সহায়তায় এক হাজার তিনশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হওয়ার কথা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন যৌথভাবে ২০১৬ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করার কথা। প্রকল্প বাস্তবায়নে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কৈর্গদাশকাঠি ও রাজনগর ইউনিয়নের সাপমারী-কাটাখালী মৌজায় পশুর নদীর তীরে এক হাজার ৮৩৪ একর কৃষি জমি অধিগ্রহণ করেছে সরকার। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের আট কিলোমিটারের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন আন্দোলন করছে। সুন্দরবন এবং দেশের জলবায়ু ও পরিবেশের স্বার্থে অবিলম্বে প্রকল্পটি বন্ধের দাবি জানান মির্জা ফখরুল। স্থানীয়রা বাগেরহাটের এই প্রকল্পের বিরোধিতা করেছে- উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনকে অন্তর্ভুক্ত করতে দেশের মানুষকে বেশি করে এসএমএস-এ ভোট দেওয়ার আহ্বানও জানান সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ফখরুল। এই অনুষ্ঠানের মাধ্যমে ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ মাসব্যাপী প্রচারণা কর্মসূচি শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮২৫ ঘ.