নারায়ণগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার চার দিন পর নারায়ণগঞ্জে ফতুল্লার পাগলায় মো. জামাল (৩৫) নামের একজন অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে র্যাব সদস্যরা পাগলার আমলাপাড়া প্রেসিডেন্ট রোডে ময়লার স্তুপ থেকে বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করে। জামাল বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলো।
র্যাব জানায়, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালের স্ত্রী সখিনা বেগম সাংবাদিকদের জানান, জামাল বুধবার সকালে পাগলার নয়ামাটি এলাকার বাসা থেকে অটোরিক্সা নিয়ে বের হয়। সন্ধ্যায় মোবাইল টেলিফোনে জামালের সঙ্গে তার কথা হয়েছে। কিন্তু সন্ধ্যার খানিক পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি।
অটোরিক্সার মালিক আবুল হাসেম বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার বিষয়টি র্যাবকে জানানো হয়।
সখিনা বেগম জানান, মঙ্গলবার রাতে এলাকার শীর্ষ সন্ত্রাসী মনিরুজ্জামান রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু মোবাইল ফোনে জামালকে তার সঙ্গে যাওয়ার জন্য বলে। কিন্তু জামাল রাজী না হওয়ায় রঞ্জু তাকে গালিগালাজ করে এবং নানা ধরনের হুমকি দেয়।
রঞ্জুর সঙ্গে অনৈতিক কাজে যেতে রাজী না হওয়ায় জামালকে হত্যা করা হয়েছে বলে সখিনা অভিযোগ করেন।
র্যাবের পুরাতন কোর্ট ক্যাম্প কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজির আহম্মেদ খান জানান, ঘটনাটি জানার পর সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রঞ্জুর সহযোগী খোকনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় জামালের অটোরিক্সাটি।
পরে ফতুল্লার জালকুড়ি এলাকা থেকে রঞ্জু, তার দুই সহযোগী শান্ত ও আকাশকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী জামালের লাশ উদ্ধার করা হয়।
জামালের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ থেকে যেন দুর্গন্ধ বের না হয় এজন্য ময়লার স্তুপে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়েছিলো।
নাজির আহম্মেদ খান জানান, রঞ্জু বিভিন্ন সময় জামালের অটোরিক্সা দিয়ে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ে আসতো। এছাড়া ছিনতাই, অপহরণ ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তারা অটোরিকশাটি ব্যবহার করতো।
জামাল মাদক পরিবহনে অস্বীকৃতি জানানোর কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, রঞ্জু তার চক্রের তরুণীদের দিয়ে ব্যবসায়ীদের ফাঁদে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে নগ্ন ছবি তুলে ব্লাকমেইল করতো। এই ফাঁদে পড়া তিন ব্যবসায়ী এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
তিনি জানান, রঞ্জু পেশাদার সন্ত্রাসী। ১৫/২০ জনের একটি চক্রের নেতৃত্ব দেয় সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮০৮ ঘ.
bdnews24