নাটোর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর উপজেলায় ট্রাকচাপায় বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবিরুজ্জামান ভুট্টোর (২৫) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বাবা।
সোমবার সকাল ৯টার দিকে একডালা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ভুট্টো মটর সাইকেলে তার বাবা আজিজুল ইসলামকে সঙ্গে নিয়ে নাটোর শহর থেকে বাগাতিপাড়ার জামনগর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন।
একডালা মোড়ে পেছন থেকে একটি ট্রাক মটর সাইকেলকে ধাক্কা দিলে দুই জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে কামরুজ্জামান মারা যান।
আজিজুল ইসলামকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাকসহ চালক পলাতক।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪২২ ঘ.
bdnews24