যশোর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তের গুলিতে নিহত যশোরের সাংবাদিক শামছুর রহমানের একাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শনিবার।
এ উপলক্ষে দুপুরে যশোর সাংবাদিক ইউনিয়ন যশোর প্রেসক্লাবে এক স্মরণসভার আয়েজন করে।
যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর ও স্থানীয় প্রেসক্লাব পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে ছিল কালোব্যাজ ধারণ, শোকর্যালি, মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি, জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভা।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক।
সংগঠনের সভাপতি কিরণ সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সরকারি এমএম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এস এম ইবাদুল হক, সাংবাদিক ফারাজী আজমল হোসেন, হুমায়ুন কবির, প্রেসক্লাব যশোরের সভাপতি একরাম-উদ-দৌলা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাজেদ রহমান বকুল, ট্রেড ইউনিয়ন নেতা মাহবুবুর রহমান মজনু, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মোবিনুল ইসলাম মবিন, এইচ আর তুহিন প্রমুখ।
প্রয়াত সাংবাদিক শামছুর রহমানের স্ত্রী সেলিনা আক্তার লাকীও উপস্থিত ছিলেন।
আআমস আরেফিন সিদ্দিক সভায় বলেন, এ ধরনের হত্যাকাণ্ডগুলোর বিচার করতে না পারলে একই ঘটনা আরো ঘটতে থাকবে।
২০০০ সালের ১৬ জুলাই রাত ৮টায় যশোর শহরে নিজ অফিসে কর্মরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শামছুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.
bdnews24