ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন দুইজন।
শনিবার দুপুরে বিষ্ণুদিয়া গ্রামে এ সংঘর্ষে নিহত হন গ্রামের বদর উদ্দিনের ছেলে মুকুল বিশ্বাস (৪২)।
এ ঘটনায় জড়িত সন্দেহে রাতে পুলিশ মসু মিয়া (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
আহত আন্টু ও বিপুলকে কুষ্টিয়া সদর হসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শী কুতুব আলম, আহমদ ও দুলাল জানান, গরুর কলাগাছ খাওয়া নিয়ে বেলা ১২টার দিকে মুকুলের চাচাত ভাই রিংকুর সঙ্গে এলাকার ইমদাদ আলী ও তার পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
এর জেরে বেলা দেড়টার দিকে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে প্রতিপক্ষের ফলা ও লাঠির আঘাতে স্থানীয় আওয়ামী লীগকর্মী মুকুল গুরুতর জখম হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সামাজিক দ্বন্দ্বের করণে এ সংঘর্ষ হয়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, দীর্ঘদিন ধরে মুকুল ও ইমদাদের পরিবারের মধ্যে ঈদগাহের রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জেরে তুচ্ছ এ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৬ ঘ.
bdnews24