চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ পাকিস্তানী ধারার কাছে আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত 'যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদ প্রতিরোধ কর, ৭২'র সংবিধান কার্যকর কর' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সেলিম বলেন, যেভাবে সংবিধান সংশোধন করা হলো তাতে রাষ্ট্রের চরিত্র
পাকিস্তানি প্রকৃতির হয়ে গেলো। এরপর দেশে শরিয়া ভিত্তিক আইন প্রণয়ন ও শরিয়া বোর্ড গঠনের দাবি উঠবে।
"রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ রেখে, ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ দিয়ে এবং সমাজতন্ত্রকে বিকৃত করে যেভাবে সংবিধান সংশোধন করা হয়েছে তাতে প্রতীয়মান হয় আওয়ামী লীগ পাকিস্তানি ধারার কাছে আত্মসমর্পণ করেছে।"
গত ৩০ জুন সংবিধানে পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয়। এর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
দলের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বলেন, বর্তমানে আওয়ামী লীগ উল্টো পথে হাঁটছে। এখন তারা যে রাজনীতি করছে তা আওয়ামী মুসলিম লীগের রাজনীতি আওয়ামী লীগের নয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রেসিডিয়াম সদস্য আহসান উল্লাহ চৌধুরী, ও চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২১৩০ ঘ.
bdnews24