২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় দুটি শিশু, চাঁদপুর শহরে দুটি, মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি এবং মানিকগঞ্জের সিংগাইরে একটি শিশু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- সিরাজগঞ্জ: রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমসারা গ্রামের আব্দুল বারী সরকারের দুই মেয়ে রুনা (৫) ও রিতু (৩) পানিতে ডুবে মারা গেছে। স্থানীয় কোরবান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে রুনা ও রিতু বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। বিকাল ৫টার দিকে পুকুরে দুই বোনের লাশ ভেসে উঠে। চাঁদপুর: শনিবার দুপুরে শহরের পুরানবাজারের রনাগোয়াল এলাকার মনির হোসেন গাজীর মেয়ে জেসমিন (৫) ও একই এলাকার মৃত মো. জাহাঙ্গীরের মেয়ে সুমাইয়া (৫) পানিতে ডুবে মারা যায়। মনির হোসেন সাংবাদিকদের বলেন, দুপুরে জেসমিন ও সুমাইয়া এক সঙ্গে নদীর পাড়ে খেলা করছিল। এক পর্যায় তারা নদীতে পড়ে যায়। পরে মেঘনায় ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া যায়। মৌলভীবাজার: কমলগঞ্জ উপজেলায় দু'টি এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মুন্সীবাজার ইউনিয়নের মইডাইল গ্রামে ও আলীনগর ইউনিয়নের গোকলনগর গ্রামে শিশু দুটি মারা যায়। মাইডাইল গ্রামের সিএনজি অটোরিক্সা চালক মুকিত মিয়ার ২ বছরের ছেলে সমুজ মিয়া বাড়ির পুকুরের পানিতে পড়ে মারা যায়। পরে লোকজন পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। আলীনগর ইউনিয়নের গোকলনগর গ্রামের সুলতান মিয়ার দুই বছরের মেয়ে তাসমিনা বেগম বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। তার বাড়িতে মিলাদ মাহফিল চলাকালে তাসমিনা পুকুরে পড়ে যায় বলে পরিবারের লোকজন জানিয়েছে। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার ও আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক বাদশাহ দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন। মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পুকুরে ডুবে হাসিব (৬) নামের এক শিশু মারা গেছে। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার পারিল নওয়াধা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, লোকমান হোসেনের পুত্র হাসিব এবং প্রতিবেশী শেহের আলীর মেয়ে টিয়া বাড়ির পাশে খাল পাড়ে খেলতে যায়। এক পর্যায়ে তারা দুজনেই পানিতে পড়ে যায়। এলাকাবাসী টিয়াকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু হাসিব পানিতে ডুবে মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৩২ ঘ.